পাটের আঁশ ছাড়িয়ে সংসারে সহায়তা
নারী

পাটের আঁশ ছাড়িয়ে সংসারে সহায়তা

ছবি ও প্রতিবেদন: রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ধারে যশোরের শার্শা উপজেলার নীলকান্ত মোড় সংলগ্ন বাওড়ে পাট ধোয়ার কাজে ব্যস্ত সামটা গ্রামের আছিয়া খাতুন (৫২), মমতাজ বেগম (৪০), জুবাইদা খাতুন (৫০), ফতেমা বেগম (৩৫), কুলসুম খাতুন (৩২), হাছিনা বানু (২৮) আর মাখলার বিলে টেংরা গ্রামের তছলিমা খাতুন (৪৫), খুকুমনি। তাদের এখন দম ফেলারও যেন সময় নেই।

পাট ধোয়া আর আঁশ ছাড়ানোর কাজে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত তারা। মধুর এই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে আছিয়া বেগম বলেন, ‘ওগো বিটা, কত্তেছো কী? ফটোক তুলো না। আমাগের নাতি-পুতিরও বিয়ে-শাদি হয়ে গেছে। আমরা এই কাজ কত্তিছি, তারা এই ফটোক দেখলি রাগ করবেনে!’

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি মৌসুমে শার্শায় পাট কাটা, জাগ দেওয়ার কাজে পুরুষরা ব্যস্ত থাকলেও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানো ও পাটের আঁশ শুকানোর কাজে অংশ নিচ্ছেন বিভিন্ন গ্রামের প্রায় ১৩ হাজার নারী। পুরুষদের পাশাপাশি এই কাজে কিছুটা বাড়তি আয়ের মুখও দেখছেন তারা।

বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ময়না বেগম জানান, এক আঁটি পাট ছাড়ালে পাওয়া যায় ২০ টাকা। একজন নারী দিনে ২০ থেকে ৩০ আঁটি পাটের আঁশ ছাড়াতে পারেন। অন্য সময় ক্ষেতমজুর হিসেবে কাজ করলে যে টাকা মেলে, পাট ধোঁয়ার কাজে পাওয়া যায় তার তিনগুণ বেশি।

অনেকে আবার কাজটি করছেন পাটকাঠি নেওয়ার শর্তে। এতে সংসারের ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহযোগিতা করতে পারছেন তারা। এ কারণেই সংসারের কাজের পাশাপাশি পাট মৌসুমে পাট ছাড়ানোর কাজে যোগ দিচ্ছেন নারীরা।

মহিশাকুড়া খালে পাট ধোয়ায় ব্যস্ত বিধবা শবে বিবি (৫০), বাক প্রতিবন্ধী সুফিয়া খাতুন (২৫), দিনমজুর শাকিলা খাতুন (৪৫)। শবে বিবি বলেন, ‘দুপুর অব্দি কুড়ি গল্লা পাট ধুতি পারি। মাঠে জোন দিলি পাই ২০০ টাকা। এখেনে পাচ্ছি ৪০০ টাকা। ময়লা পানিতি কাজ করতি হয়। তাই গা হাত পা একটু চুলকোয়, বেড়ে পোকায় কামড়ায়। তবুও আয় বেশি, তাই এই কাজ করি।’

এদিকে উপজেলার অনেক হাট-বাজারে শুরু হয়েছে আগাম পাট বিক্রি। বাগআঁচড়ার পাটচাষি মোজাম গাজি জানালেন, প্রতিমণ পাট বিক্রি হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার ১০০ টাকায়। প্রতি আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

উপজেলার গোড়পাড়া গ্রামের আতিয়ার রহমান জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি ও আম্পান ঝড়ে চার বিঘা জমিতে লাগানো পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তবে পরে ফলন ‘মোটামুটি ভালোই’ হয়েছে। চার বিঘা জমি থেকে পাওয়া ৪০ মণ পাট এবার ভালো দামে বিক্রি করতে পারবেন বলেই তিনি আশা করছেন।

এ বছর দুই বিঘা জমিতে পাট চাষ করা টেংরা গ্রামের কৃষক মোহাম্মদ আলি মিলনও ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের চাষ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই হাজার ৬০০ হেক্টর জমির বিপরীতে চাষ হয়েছে পাঁচ হাজার ৬০০ হেক্টরে। গত বছর পাটের উপযুক্ত দাম পাওয়ায় এ মৌসুমে কৃষকরা পাটের আবাদ বেশি করেছেন।

তিনি আরো বলেন, ‘৬০০ নারীকে আমরা সরকারিভাবে প্রশিক্ষণ, বীজ, সার, কীটনাশক দিয়ে পাট চাষে সহায়তা করেছি তবে উপজেলায় দুই হাজার নারী নিজের জমিতে চাষাবাদ করেন। অন্যের জমিতে মজুর হিসেবে কাজ করেন আরো প্রায় চার হাজার নারী।

‘তবে মৌসুমে পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজ করেন এ জনপদের প্রায় ১৩ হাজার নারী।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা