এসপি এ বি এম মাসুদ হোসেন ও নাজনীন সারোয়ার কাবেরী
অপরাধ

'সিনহা হত্যায় এসপি মাসুদ দায় এড়াতে পারেন না'

মেহেদী হাসান:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন জড়িত বলে এবার অভিযোগ তুলেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারোয়ার কাবেরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সান নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘এসপি মাসুদও সিনহার হত্যায় জড়িত। হত্যার পর এসপি মাসুদ পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার নির্দেশেই ঘটনাকে ভিন্নখাতে মোড় দেওয়ার চেষ্টা করেছেন টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তার শিখিয়ে দেওয়া বুলি দিয়ে সিনহার বিরুদ্ধে মামলা সাজিয়েছেন বরখাস্তকৃত এসআই লিয়াকত আলী।’

এসপি মাসুদের বিষয়ে আতঙ্ক প্রকাশ ও অভিযোগ করে নাজনীন সারোয়ার কাবেরী আরও বলেন, ‘সিনহা হত্যায় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত এসপি মাসুদ। কিন্তু তাকে এখনও আইনের আওতায় আনা হয়নি। যার ফলে জনমনে শুধু আতঙ্কই নয়, মামলার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন জাগছে।’

দেশজুড়ে আলোড়ন তোলা সিনহা হত্যায় চলছে তদন্ত। পুলিশি রিমান্ডে আসামিদের কাছ থেকে ও তদন্তে বের হচ্ছে নিত্য নতুন সব চাঞ্চল্যকর তথ্য। বের হচ্ছে ওসি প্রদীপ কুমার দাস ও তার সহযোগীদের কুকর্মের নানা ঘটনাও। এরই মধ্যে এসপি মাসুদের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তুললেন আওয়ামী লীগ নেত্রী কাবেরী।

তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধ’, ‘ক্রসফায়ার’ বা ‘শ্যুটআউটের’ নামে কক্সবাজারে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ৫৬ শতাংশ একাই করেছেন ওসি প্রদীপ। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন, তারপর থেকে তার দুর্বৃত্তায়ন আরও বেড়েছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছার অপব্যাখ্যা দিয়ে বা বিকৃত করে নিজের স্বার্থসিদ্ধি করে গেছেন তিনি। তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেননি কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ। উল্টো তার অপকর্মকে বীরত্বের তকমা দিয়ে তাকে গত বছর পুলিশ বাহিনীতে ‘অবদানের জন্য’ বাংলাদেশ পুলিশ মেডেলের জন্য সুপারিশ করেন এসপি মাসুদ।’

২০১৮ সালের মে থেকে গত জুলাই পর্যন্ত কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত হয়েছেন মোট ২৮৭ জন। তাদের মধ্যে ১৬১ জনই বিচার বহির্ভূতভাবে মারা গেছে টেকনাফ থানা পুলিশের হাতে। এর প্রায় সবগুলো ক্রসফায়ারে নেতৃত্ব দিয়েছেন ওসি প্রদীপ। ওই জেলায় দীর্ঘদিন ধরে এ ধরনের আরও অপকর্ম সংঘটিত হচ্ছিল তার নেতৃত্বে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কাবেরী সাননিউজকে বলেন, ‘দেখুন আজকের এই ওসি প্রদীপ একদিনেই তৈরি হননি। কেউ যদি অপকর্ম করে পুরস্কৃত হন, তাহলে তো আরও বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়বেন। এবং হয়েছেও তাই।’

নাজনীন কাবেরী বলেন, ‘মায়ানমার থেকে যে ইয়াবা ও অস্ত্র আনা হতো জাহাজে করে, সেই অস্ত্র আর ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন এই প্রদীপ। পুলিশ সুপারের অধীন কেউ বছরের পর বছর এই ধরনের অপকর্ম করে যাবেন আর তিনি (এসপি) জানবেন না, এটা বিশ্বাস করা যায় না।’

প্রদীপের বিরুদ্ধে পর্যটক হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, ‘তার (প্রদীপ) ত্রাসে কক্সবাজারের অনেক পর্যটনস্পটও এখন পর্যটনশূন্য। কারণ, দূর থেকে আসা পর্যটকদের কাছ থেকে সে চাঁদাবাজি করতেন। সবকিছু জেনেও এসপি মাসুদ তাকে কিছু বলেননি, উল্টো আশকারা দিয়েছেন।’

প্রদীপের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ কোনো অভিযোগ দিয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার। কক্সবাজারে ইয়াবার বিস্তার নিয়ে আমরা বরাবরই প্রশাসনকে অবগত করে আসছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।’

‘সিনহা হত্যা মূলত ওসি প্রদীপ কিংবা এসপি মাসুদের দুর্নীতি ও অপকর্মকেই সামনে আনেনি, আমাদের প্রশাসনিক ও রাজনৈতিক দুর্বলতাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে’ বলেও দুঃখ প্রকাশ করেন নাজনীন কাবেরী।

সরকারি দলের এই স্থানীয় নেত্রীর মতে, ‘রাজনীতিবিদদের এই বিষয়ে আরও চৌকস ও অ্যাডভান্স হওয়া উচিৎ। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

সিনহা হত্যার বিচার প্রসঙ্গে তিনি মনে করেন, ‘এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে ধুম্রজাল তৈরি হচ্ছে। ঘটনা যেন অন্যদিকে মোড় না নেয় এবং সিনহার পরিবার যেন ন্যায়বিচার পান, সেজন্য গণমাধ্যম ও রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে।’

তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাজনীন সারোয়ার কাবেরী। বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, যারা ঘটনার তদন্ত করছেন, তারা সঠিক তদন্তই করবেন। তবে, যখন দেখি ওসি প্রদীপের গডফাদার এসপি মাসুদ এখনও মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, তখন সেই তদন্তে আস্থা রাখি কি করে?’

তবে অভিযোগের তীর যার দিকেই থাকুক না কেন, দিনশেষে সব সত্য সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাবেরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে অন্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের এ ধরনের হত্যাকাণ্ড কখনোই মেনে নেওয়ার নয়। আমি চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং দোষী ব্যক্তিরা দৃষ্টান্তমূলক সাজা পাক।

তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের বিষয়ে জানতে এসপি মাসুদের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা