আন্তর্জাতিক
সাংবাদিকদের হুমকি

‘ভাগ্য ভালো তোমাদের শিরশ্ছেদ হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে বিদ্রোহী গোষ্ঠীর হাতে বেদম মারধরের শিকার হয়েছেন দেশটির একাধিক সাংবাদিক। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এনডিটিভি অনলাইন ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। তারপরই বিদ্রোহী গোষ্ঠীর হাতে সাংবাদিকদের মারধরের শিকার হওয়ার একাধিক ছবি অনলাইনে আসে।

মারধরের শিকার দুজন সাংবাদিকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার বৈদেশিক প্রতিনিধি মারকাস ইয়াম। তিনি তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেন।

আরেকটি ছবি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে একটি আফগান সংবাদমাধ্যম। ইয়ামের পোস্ট করা ছবিতে দুই ব্যক্তিকে খালি গায়ে দেখা যায়, যাঁদের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।

আফগান সংবাদমাধ্যমের পোস্ট করা ছবিতে মারধরের শিকার একই ব্যক্তিদের দেখা যায়। ছবিতে দুই সাংবাদিকের আঘাত ‘ক্লোজআপ’ করে দেখানো হয়েছে।

আফগান সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, যাঁদের ছবি পোস্ট করা হয়েছে, তাঁরা হলেন তাকি দরিয়াবি ও নেমাতুল্লাহ নাকদি। তাঁদের একজন ভিডিও এডিটর ও আরেকজন রিপোর্টার। গতকাল বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে নারীদের একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের অপহরণ করে বিদ্রোহী গোষ্ঠী। পরে তাঁদের একটি কক্ষে নিয়ে বেদম মারধর করা হয়।

নাকদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, একজন তালেবান আমার মাথায় তাঁর পা রাখেন। তারপর কংক্রিটের সঙ্গে আমার মুখমণ্ডল পিষে দেন। তাঁরা আমার মাথায় লাথি মারেন। আমি ভেবেছিলাম তাঁরা আমাকে মেরে ফেলবেন।

নাকদি জানান, কাজ ও শিক্ষার অধিকারের দাবিতে আফগান নারীদের বিক্ষোভ–সমাবেশের ছবি তোলা শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর কাছে এসে একজন তালেবান যোদ্ধা আগ্রাসীভাবে কথা বলতে থাকেন।

নাকদি আরও বলেন, তাঁরা আমাকে বলেছিলেন, আপনি ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন না। যাঁরা ছবি ও ভিডিও ধারণ করছিলেন, তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়। তাঁদের ফোন কেড়ে নেওয়া হয়। পরে বিদ্রোহী গোষ্ঠী সদস্যরা আমাকে অপমান করতে শুরু করেন। আমাকে লাথি মারতে থাকেন।

নাকদি বলেন, যখন তিনি তালেবানকে জিজ্ঞেস করেন, কেন তাঁকে মারধর করা হচ্ছে, তখন তাঁকে বলা হয়, তুমি ভাগ্যবান যে তোমার শিরশ্ছেদ করা হয়নি।
১৫ আগস্ট কাবুল দখল করে বিদ্রোহী গোষ্ঠী। তার তিন সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তারা। এই সরকারের মন্ত্রিসভায় কোনো নারী নেই। এর প্রতিবাদে গতকাল বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী।

কাবুলে নারীদের একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় বিদ্রোহী গোষ্ঠীর নিরাপত্তা বাহিনী। কাবুলের পাশাপাশি ফাইজাবাদেও বিক্ষোভ ছত্রভঙ্গ করার কথা জানা যায়।

কাবুল দখলের পর তালেবানের সরকার গঠনের আগেও একাধিক দিন দেশটির বিভিন্ন স্থানে নারী-পুরুষের বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবান ছিল মারমুখী।

কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠী। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

সামাজিক সচেতনতার গুরুত্বারোপ নিয়ে ঢাবিতে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, উইন...

আবারও দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্...

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্র...

সুন্দরবনে অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৫ জেলে উদ্ধার

সুন্দরবনের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা