খুশি যাত্রীরা, নিয়ম মানছে না গণপরিবহন
জাতীয়

খুশি যাত্রীরা, নিয়ম মানছে না গণপরিবহন

মেহেদী হাসান:

করোনাকালে বাড়ানো ভাড়া বাতিল করে আগের ভাড়ায় চলতে শুরু করেছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। এতে খুশি যাত্রীরা। কিন্তু করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধিসহ কোনো শর্ত ও নিয়মই মানছে না রাজধানীর গণপরিবহনগুলো। অবশ্য যাত্রীরাও মাস্ক পরাসহ কোনো কোনো নিয়মের প্রতি উদাসীন।

গত শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সারা দেশে আগের ভাড়ায় যানবাহন চলছে। ফলে গত ১ জুন থেকে গণপরিবহনে এক আসন ফাঁকা রাখার শর্তে বাড়ানো ৬০ শতাংশ ভাড়া বাতিল হয়েছে।

‘যতো আসন ততো যাত্রী’ নিয়মে চলছে বাস-মিনিবাস। বিআরটিএ’র বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, রাজধানী ঢাকার গণপরিবহন, দূরপাল্লার বাস এবং সারা দেশের স্থানীয় যাতায়াতের কোথাও বাস–মিনিবাসে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রির কাউন্টারের কর্মী- সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান–পানি, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার–পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এ ছাড়া যাত্রীদের হ্যান্ডব্যাগ ও মালপত্র জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকতে হবে যানবাহনে।

সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি বাস স্টপেজে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। আগের ভাড়া আদায় করা ছাড়া কোনো নিয়মই মানছেন না যাত্রী ও পরিবহন শ্রমিকরা। হাতেগোণা কয়েকটি গণপরিবহন ছাড়া প্রায় সব যানবাহনেই ছিল না স্বাস্থ্যবিধির বালাই।

সকালে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক নেই। যাত্রাবাড়ী বাস স্ট্যান্ডসহ আশেপাশের এলাকা জুড়ে কোথাও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেই সঙ্গে নিয়ম না মেনে বাসে তোলা হচ্ছে বেশি যাত্রী। একই চিত্র দেখা গেছে বিকেলেও।

বাসচালক সুমন মিয়া বলেন, ‘অফিস টাইমে যাত্রীর চাপ একটু বেশি থাকে। তাই আমরা বাধা দিলেও যাত্রীরা কথা শোনেন না। সকালে সবার অফিস ধরতে হবে, আর বিকেলে সবার বাসায় ফিরতে হবে।’

বাসে জীবণুনাশক স্প্রে করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বাসমালিককে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। আমরা তো চাইলেও এতো দাম দিয়ে স্প্রে মেশিন আর জীবাণুনাশক কিনতে পারি না।’

একই চিত্র ছিল সায়েদাবাদ এলাকায়ও। যদিও কাউন্টার বাসগুলোতে যাত্রী অনেকটাই কম ছিল, তবে আগের ভাড়ায় বাস চলায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

ঢাকা থেকে লাকসামগামী যাত্রী মোহাম্মদ মকবুল মিয়া বলেন, ‘ব্যবসার কাজে নিয়মিত ঢাকায় যাতায়ত করতে হয়। এই কয়দিন ২৮০ টাকার ভাড়া ছিল ৪৫০ টাকা। যেটা রীতিমতো অনেক বেশি ছিল। এখন আগের ভাড়ায় ফিরে যাওয়ায় কিছুটা হলেও অর্থনৈতিক চাপ কমবে।’

বেশি ও দাঁড়ানো যাত্রী নেওয়ার অভিযোগ তুলে গুলিস্তান থেকে বাসায়গামী এক ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিন মিরপুর থেকে ২৫ টাকার ভাড়া ৪০ টাকা দিয়ে আসতে হতো। কিন্তু তখনও তারা বেশি যাত্রী নিতেন, এখনও নিচ্ছেন। সিটিং বাসেও দাঁড়িয়ে যাত্রী নেন। কিন্তু ভাড়া কমেছে, এটাই হচ্ছে খুশির খবর।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন রাশেদ বলেন, ‘করোনার মধ্যে সকল উপার্জন বন্ধ ছিল। তার ওপর আবার এতো বিশাল অংকের ভাড়া, জরুরি প্রয়োজনেও বের হতে ইচ্ছে হতো না। কিন্তু এখন আগের ভাড়ায় ফিরেছে বলে একটু আনন্দই লাগছে বটে।’

করোনা পরিস্থিতির আগে ঢাকায় কিলোমিটারপ্রতি মিনিবাসে এক টাকা ৬০ পয়সা এবং বড় বাসে এক টাকা ৭০ পয়সা ভাড়া নির্ধারিত ছিল। দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ভাড়া এক টাকা ৪২ পয়সা। ঢাকায় সর্বনিম্ন ভাড়া আছে মিনিবাসে পাঁচ টাকা ও বড় বাসে সাত টাকা। আজ থেকে ঢাকাসহ সারা দেশে এই ভাড়া ফের কার্যকর হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মালিকদের চিঠি দিয়ে আগের ভাড়ায় যতো আসন, ততো যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে। সরকারি সিদ্ধান্ত অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই নিয়ম মানা সম্ভব হচ্ছে না বলে দাবি অধিকাংশ শ্রমিকেরই।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা