মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মান্দ্রায় বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।
অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, র্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট অপরাধের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।