দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের প্রত্যাশার পর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে।
নতুন এই নীতিমালার মাধ্যমে পুরো বদলি কার্যক্রম এখন থেকে অনলাইন ও সফটওয়্যারভিত্তিক ব্যবস্থায় সম্পন্ন হবে। এতে করে প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি পূর্ণ না করলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে বদলির মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদানের পর আবার বদলির আবেদন করতে হলে সেখানে অন্তত দুই বছর দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে। পুরো চাকরি জীবনে একজন শিক্ষক সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
বদলির ক্ষেত্রে আবেদনকারীরা সাধারণত নিজ জেলার শূন্যপদের বিপরীতে আবেদন করবেন। নিজ জেলায় পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করার সুযোগ থাকবে। বিশেষ পারিবারিক বা প্রশাসনিক প্রয়োজন থাকলে অন্য বিভাগেও আবেদন করা যাবে।
একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন পড়লে সফটওয়্যার নির্ধারিত চারটি মানদণ্ড অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করবে। এগুলো হলো—নারী আবেদনকারী, কর্মস্থলের দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতা।
দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদ্ধতি অনুসরণ করা হবে। পাশাপাশি জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে বিদ্যমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ভিত্তিতে।
নীতিমালায় আরও বলা হয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। একই বিষয়ের একাধিক শিক্ষককে একসঙ্গে বদলি করা যাবে না।
আবেদনকারীরা অনলাইনে সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে যাচাই-বাছাই, অনুমোদন এবং চূড়ান্ত আদেশ—সবকিছুই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
বদলির পর শিক্ষকের ইনডেক্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে। এতে তার এমপিও সুবিধা, জ্যেষ্ঠতা এবং আর্থিক সুবিধার ধারাবাহিকতা বজায় থাকবে।
বদলির আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ১০ দিনের মধ্যে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং অবমুক্তির ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়কালও চাকরিকাল হিসেবে গণ্য হবে।
তবে যেসব শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান রয়েছে, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
এছাড়া পূর্বের ২০২৪ সালের ১৯ ডিসেম্বর জারি করা এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা বাতিল করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই ডিজিটাল বদলি ব্যবস্থা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কমবে এবং শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি শিক্ষকদের পেশাগত ও পারিবারিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।