জাতীয়

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

সান নিউজ অনলাইন

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মানবাধিকার কমিশন আগের আইনে চলবে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ উত্থাপন না করায় গুমের তদন্ত করতে পারবে না মানবাধিকার কমিশন। এ ছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধন করে উত্থাপনের সিদ্ধান্তে শুরুতেই এ সংস্থাটির ক্ষমতা কমবে।

আওয়ামী লীগ শাসনামলে দুদককে নখদন্তহীন বাঘ হিসেবে সমালোচনা করা হতো। ২০১৩ সালে শেখ হাসিনা সরকার দুদক আইন সংশোধন করে ৩২(ক) ধারা যুক্ত করে। এতে বলা হয়, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধানের দুর্নীতির প্রমাণ মিললেও মামলা করতে সরকারের অনুমোদন প্রয়োজন হবে। এতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলায় দুদক পুরোপুরি সরকারের ইচ্ছার নিয়ন্ত্রণাধীন হয়ে যায়।

২০১৪ সালে হাইকোর্ট এই ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দেন। কিন্তু সরকার আপিল বিভাগে গিয়ে ধারাটিকে অব্যাহত রাখে। অন্তর্বর্তী সরকার গত বছরের ২৩ ডিসেম্বর জারি করা অধ্যাদেশে ধারাটি বাতিল করে। অধ্যাদেশটি বাতিল হওয়ায় ১১ এপ্রিল থেকে আবার ৩২(ক) ধারা ফিরবে। আবারও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলায় সরকারের অনুমতি দিতে হবে দুদককে।

গত বছরের অধ্যাদেশের মাধ্যমে আইনে ২০(ক) ধারা যুক্ত করে দুদককে আরও ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। এই ধারায় বলা হয়, লিখিতভাবে অপরাধের সুনির্দিষ্ট তথ্য পেলে দুদকের প্রধান কার্যালয়ের যাচাই-বাছাইয়ে সরাসরি মামলার এজাহার দায়ের করা যাবে। অধ্যাদেশটি বাতিল হওয়ায় ১১ এপ্রিল থেকে দুদক এই ক্ষমতা হারাবে। সংসদের বিশেষ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাদেশটি বাতিলে মতামত দিয়ে বলেছে, যাচাই-বাছাই ছাড়া এজাহারের ক্ষমতা সংবেদনশীল। সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন।

অধ্যাদেশে বিধান করা হয়েছিল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকের নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক; সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান; স্পিকারের মনোনীত সরকারি দল ও বিরোধী দলের দুজন এমপি এবং সুশাসন বা দুর্নীতিবিরোধী কার্যক্রমে ১৫ বছরের অভিজ্ঞ একজন ব্যক্তির সমন্বয়ে গঠিত সাত সদস্যের বাছাই কমিটির মাধ্যমে দুদকের চেয়ারম্যান ও চারজন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করবেন।

অন্তর্বর্তী সরকারের জারি করা যাচাইয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে গত ১২ মার্চ ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। তাদের মধ্যে ১১ জন বিএনপির। এ কমিটি গত বৃহস্পতিবার পুলিশ কমিশনসহ ১৫টি অধ্যাদেশ সংশোধন করে উত্থাপনের সুপারিশ করেছে। দুদক, মানবাধিকার কমিশন এবং গুম-সংক্রান্ত পাঁচটিসহ ১৬টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করেছে। ফলে এ অধ্যাদেশগুলো আগামী ১১ এপ্রিল মধ্যরাত থেকে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর বা বাতিল হয়ে যাবে।

অধ্যাদেশটি বাতিল হওয়ায় আগের মতো আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিবের সমন্বয়ে গঠিত আগের আইনের নিয়মে নিয়োগের জন্য সুপারিশ করবে।

এর মাধ্যমে দুদক আবার ২০০৪ সালের আইনে চলবে। সংবিধিবদ্ধ এ প্রতিষ্ঠানটি সরাসরি এজাহার দায়ের এবং অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না।

বিদেশে থাকা অবৈধ সম্পদ অনুসন্ধানের ক্ষমতা হারাবে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে সংস্থাটিকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বাছাই কমিটিতেও আবার সরকারি প্রভাব বাড়বে।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, অধ্যাদেশগুলো বাতিল হচ্ছে না। পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে সংসদে উত্থাপন করা হবে। ১১ এপ্রিল এসব অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় কবে, কোন অধিবেশনে বিলগুলো উত্থাপন করা হবে, তা স্পষ্ট নয়।

তবে বিশেষ কমিটিতে থাকা সরকারি দলের একজন সদস্য বলেন, বিলগুলো আইনে পরিণত করার কোনো পরিকল্পনা নেই। এগুলো স্থায়ীভাবেই বাদ যাচ্ছে। সরকারি দলের একজন নয়; আরেকজন এমপিও নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। কিন্তু দলের মনোভাবের কারণে তিনি তা প্রত্যাহার করে নেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা