২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপে দীর্ঘদিনের এক অভিশাপ কাটলো লিওনেল মেসির আর্জেন্টিনার।
বুধবার (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল স্কালোনির দল। তিনটি গোলই করেন মেসি।
ইতিহাস ঘাটলে দেখা যায়, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনা। এর আগে যতবারই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে। ১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর ১৯৮২ সালে শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হয়।
এরপর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের আসরে ১৯৯০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে আলবিসেলেস্তেরা। এমনকি ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রার প্রথম ম্যাচে সৌদির কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু এবার আর তেমনটি হয়নি।
দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল চ্যাম্পিয়নরা।
সান নিউজ/ জামান