বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করা নাসা গ্রুপের শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে তাদের পুলিশি পাহারায় শ্রম ভবনের দিকে অগ্রসর হতে দেখা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদের পরপরই নাসা গ্রুপ তাদের গার্মেন্টস বন্ধ করে দেয়। নাসা গ্রুপের কাছে তাদের বেতন-ভাতা ছাড়াও আর কিছু দাবি দাওয়া রয়েছে। গার্মেন্টস বন্ধ করে দিলে তাদের কিছু কম্পেনসেশন দেওয়ার কথা থাকে। সেগুলো তারা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।
সকাল ১০টার কিছু পরে তারা সড়কে বসে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের বোঝানোর পর ১২টা ২০ মিনিটের দিকে তাদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। পুলিশি পাহারায় তাদের সাতরাস্তা পার করা হয়েছে, তারা যাবে এখন শ্রম মন্ত্রণালয়ে।
সান নিউজ/ জামান