শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে সামনে রেখে কেউ কেউ ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। এমনকি সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাও চলছে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সড়কে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ডে জড়াবে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—কঠোর হাতে দমন করা হবে।
তিনি আরও বলেন, ‘কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। গত কয়েক দিন ধরে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে, সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।’
ডিসেম্বর মাসে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি চান, তাহলে অতিসত্বর দেশে ফিরে আসতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।’
তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী ডিসেম্বর নিয়ে নানা কথা বলছেন। তাঁরা চাইলে আজই দেশে প্রবেশ করতে পারেন। তাঁদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে এসব বক্তব্যের মাধ্যমে তাঁরা নিজেদের পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করতে চাইছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সান নিউজ/ রাব্বি