এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ফলে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরা রোববার (১ নভেম্বর) থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি বিষয়ের বিপরীতে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে সরাসরি কিংবা হাতে লেখা কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে করবেন পুনর্নিরীক্ষণের আবেদন
১. প্রথমে পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট ঘরে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। সব তথ্য পূরণ শেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
২. পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।
৩. এরপর পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। যেসব বিষয়ের ফল নতুন করে যাচাই করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসব বিষয়ের উভয় পত্রের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
নির্ধারিত আবেদন ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন করার বিস্তারিত নিয়ম সংশ্লিষ্ট ওয়েবসাইটের ‘পে’ অপশনে পাওয়া যাবে।
ফি পরিশোধ হয়ে গেলে আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করার প্রয়োজন হলে একই নিয়ম অনুসরণ করে তা করা যাবে। তবে দ্বিতীয়বার আবেদন করার সময় নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদন সংশোধনে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
আবেদন ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ের তালিকায় পরিবর্তন আনা কিংবা কোনো বিষয় বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিষয়ের পাশে থাকা ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার আবেদন ফি জমা দিয়ে আবেদন চূড়ান্ত করলে নির্বাচিত বিষয় আর বাতিল করার সুযোগ থাকবে না। এ ছাড়া কোনো কারণে আবেদন বাতিল হলেও জমা দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না। তাই আবেদন চূড়ান্ত করার আগে বিষয় নির্বাচন ও প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সান নিউজ/ রাব্বি