২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ অর্জন করেছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ। বরিশাল বোর্ডে এ হার ৪৪.৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮.০৪ শতাংশ।
এর আগে গত ২ জুলাই শুরু হয়েছিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বিভিন্ন কারণে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
এদিকে, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর, এরপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখতে হবে। পরে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার ফলাফল।
সান নিউজ/ রাব্বি