মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর প্রায় দুই ঘণ্টা শেষে সড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকেরা। তাদের অবরোধ তুলে নেওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিলেন। এ সময় পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সড়ক অবরোধের কারণে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে ওই অঞ্চলের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সান নিউজ/ রাব্বি