দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে পছন্দ করেন, যিনি ভালো মনের অধিকারী, নিজের ভুল স্বীকার করতে পারেন এবং কোনো পরিস্থিতিতে অন্যের ওপর দোষ চাপান না। এসব গুণের পাশাপাশি ভবিষ্যৎ সঙ্গী রান্না করতে জানলে সেটি বাড়তি পাওনা বলেও জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন সাই পল্লবী। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষকে পছন্দ করবেন তিনি।
উত্তরে সাই পল্লবী বলেন, ‘প্রথমত, তাকে ভালো মানুষ হতে হবে। সে যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়। নিজের কাজ ও আচরণ নিয়ে ভাবতে জানতে হবে। জীবনে সে কোথায় দাঁড়িয়ে আছে, সে সম্পর্কে তার উপলব্ধি থাকা প্রয়োজন। সে ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল সংশোধনও করতে হবে। অন্য কারও ওপর দোষ চাপিয়ে দিলে চলবে না। আমার চাহিদার তালিকা খুব বড় নয়। সে ভালো মানুষ হলেই হয়। তবে রান্না জানলে আরও ভালো।’
অনুষ্ঠানে সাই পল্লবীর চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করে অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন অমিতাভ বচ্চন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঈশ্বরই লিখে রেখেছিলেন যে তুমি অভিনয় করবে।’
তার এমন উত্তরে বিস্ময় প্রকাশ করেন অমিতাভ। পরে রণবীর কাপুর মজার ছলে বলেন, ‘ঈশ্বরের প্রেসক্রিপশনে লেখা ছিল, তাকে অভিনয় করতে হবে।’ তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও করতালির সৃষ্টি হয়।
এদিকে, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। ছবিটিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের অনুভূতি ও চরিত্রটি নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
সাই পল্লবী জানান, সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রের ক্ষেত্রে তিনি নিজের বুদ্ধি দিয়ে সবকিছু বিশ্লেষণ করতে চাননি। বরং এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে কী শেখা সম্ভব, সেটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
অভিনেত্রীর ভাষ্য, ‘এবার আমি নিজের বুদ্ধি খাটাতে চাইনি। সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে ভাবি, চরিত্রটিকে আমি কী দিতে পারি। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে প্রথমবার ভেবেছি, এই চরিত্রে অভিনয় করে আমি কী পেতে পারি, কী জ্ঞান অর্জন করতে পারি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছিলাম। কোনো কিছু নিয়ে বেশি ভাবতে চাইনি। সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলাম।’
নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্বটি ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলিতে।
সান নিউজ/ রাব্বি