ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আগ্রহী। কাজের ব্যস্ততা থেকে একটু সময় পেলেই বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যের উদ্দেশে। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ভ্রমণপ্রেমী এই অভিনেত্রীর নতুন নতুন গন্তব্যের ছবি ও ভিডিওতেও থাকে অনুসারীদের বাড়তি আগ্রহ।
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী পর্যটনকেন্দ্র আয়নাঘরে দেখা মিলেছে প্রভার। সেখান থেকে বেশ কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। ঝলমলে আয়নাঘরের মধ্যে রোদেলা দিনের আলো আর প্রভার লাল পোশাক ছবিগুলোতে এনেছে ভিন্ন মাত্রা।
এদিন অভিনেত্রীর পরনে ছিল নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত ক্ল্যাসিক ডিজাইনের পোশাক। টকটকে লাল ড্রেসের সঙ্গে ঠোঁটে মিলিয়ে নিয়েছিলেন লাল লিপস্টিক। কানে ছিল ছোট পার্লের দুল, কাঁধে লম্বা চেইনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দেন তিনি।
নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট’-এ ছবিগুলো তুলেছেন প্রভা। এটি সাধারণ কোনো পর্যবেক্ষণকেন্দ্র নয়; আধুনিক প্রযুক্তি, শিল্পকলা ও দৃষ্টিনন্দন স্থাপত্যের সমন্বয়ে তৈরি বিশেষ এক পর্যটন আকর্ষণ।
এখানকার আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং বিভিন্ন ধরনের অপটিক্যাল ইল্যুশন দর্শনার্থীদের জন্য তৈরি করে ভিন্নধর্মী অভিজ্ঞতা। পাশাপাশি নিউইয়র্কের আকাশচুম্বী ভবনগুলোর অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ তো রয়েছেই। ছবি তোলার জন্যও জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও সেই আয়না ও আলোর প্রতিফলনের নান্দনিকতা ফুটে উঠেছে।
এর আগে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে ছুটি কাটানোর মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। সেখানকার সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজের মতো করে সময় কাটাতে দেখা যায় তাকে। ভ্রমণের ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি একা ঘুরে বেড়ানোর প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।
সান নিউজ/ রাব্বি