ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছেও পেয়েছেন পরিচিতি ও গ্রহণযোগ্যতা। নির্মাতাদের কাছেও নির্ভরতার জায়গা তৈরি করেছেন এই অভিনেতা।
বর্তমানে রাজের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। কোনো সিনেমার শুটিং শেষ করেছেন, আবার কোনো নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি আগামী কোরবানির ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে তার অভিনীত আরেকটি চলচ্চিত্রের।
আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত হচ্ছে ‘কালাভুনা প্যারাডক্স’। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। সব মিলিয়ে সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে অভিনেতার।
তবে এর মধ্যেই নতুন এক আইনি জটিলতায় জড়িয়েছেন শরিফুল রাজ। চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তির শর্ত লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক প্রযোজক।
‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার সুমি এই অভিযোগ তুলেছেন। তার পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে অভিনেতার কাছে পাঠানো হয়েছে উকিল নোটিশ। সেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি এবং এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত ভঙ্গ করেছেন শরিফুল রাজ। এর ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছেন প্রযোজক। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে অভিনেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রযোজক শাহরিন আক্তার সুমির প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বরবাদ’। এরপর প্রতিষ্ঠানটির প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘রাক্ষস’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামের আরেকটি চলচ্চিত্র।
পাশাপাশি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও রয়েছে প্রযোজক শাহরিন আক্তার সুমির।
সান নিউজ/ রাব্বি