কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী মো. নাফিস তেহামী-সহ তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, এধরনের মৃত্যু অত্যন্ত দুঃখের ও বেদনার। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপাচার্য অগ্নিকান্ডের কারণ চিহ্নিত করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, নিহত শিক্ষার্থী মো. নাফিস তেহামীর বাড়ি বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ চুনাখালী গ্রামে। তার পিতার নাম মো. জেয়াদুল কবির এবং মাতার নাম কাজল রেখা।
সাননিউজ/বান্না