ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি খান। তবে পড়াশোনার প্রতিও ছিল তাঁর সমান আগ্রহ। তাই অভিনয়ে আসার আগে আইন নিয়ে পড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা বদলে দেয় তাঁর ভাবনা। তখন তাঁর ওজন ছিল প্রায় ১০০ কেজি।
সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের সঞ্চালনায় ‘ইন্ডিয়া কে টপ ওয়ান পার্সেন্ট’ অনুষ্ঠানে নিজের জীবনের এই গল্প শোনান সারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানাও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সারা জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর টান ছিল। তবে পড়াশোনাও উপভোগ করতেন তিনি। এ কারণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারের একটি কোর্সে ভর্তি হন সারা। মঞ্চে অভিনয়ের সুযোগ পেয়ে নতুন করে উপলব্ধি করেন নিজের ভালো লাগার জায়গাটি।
সারা বলেন, মঞ্চে অভিনয় করতে গিয়ে শৈশবের সেই স্বপ্ন আবারও জেগে ওঠে। তখনই সিদ্ধান্ত নেন, অভিনয়ে অন্তত একবার চেষ্টা করে দেখবেন। আর সেই সময় তাঁর ওজন ছিল প্রায় ১০০ কেজি।
একই অনুষ্ঠানে অনিল কাপুর আয়ুষ্মান খুরানার কাছে জানতে চান, কখন তিনি অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জবাবে আয়ুষ্মান জানান, অনিল কাপুরের অভিনয় দেখেই এই পেশার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।
অভিনয়ে আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে আয়ুষ্মান তাঁর বাবার কথা বলেন। ছোটবেলা থেকেই বাবা তাঁকে শিল্পচর্চা ও অভিনয়ের প্রতি উৎসাহিত করেছেন বলে জানান তিনি।
আয়ুষ্মান আরও বলেন, ছোট শহরের একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে এসে বিনোদনজগতে কাজ করার স্বপ্ন দেখা সহজ ছিল না। স্কুলে পড়ার সময় হাতে গোনা কয়েকজন সহপাঠীর মধ্যে তিনি একজন ছিলেন, যাঁদের অভিভাবকেরা শিল্পচর্চায় এগিয়ে যেতে উৎসাহ দিতেন।
নিজের শিল্পীসত্তা গড়ে ওঠার পেছনে দাদিরও অবদান রয়েছে বলে জানান আয়ুষ্মান। তাঁর দাদি একসময় গুরুদুয়ারায় গান গাইতেন এবং বিভিন্ন মানুষের অনুকরণ করতেন। দাদির কাছ থেকে শিল্পীসত্তার অনুপ্রেরণা পেলেও নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সাহস ও সমর্থন পেয়েছেন বাবার কাছ থেকে।
সান নিউজ/ রাব্বি