ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, ডিসেম্বরের আগে প্রাদুর্ভাব কমার সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে অক্টোবর মাসে এ রোগে মৃত্যুর সংখ্যা বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ডিসেম্বরের আগে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজারের বেশি রোগী। এর মধ্যে শুধু অক্টোবরেই প্রাণ হারিয়েছেন ১৭৩ জন। এর আগে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাবে অক্টোবরেই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।

এদিকে একই সময়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে। এ রোগে ইতোমধ্যে ১ হাজার ২০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু ও হামের এই পরিস্থিতি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

রোগীর চাপে বিপর্যস্ত হাসপাতাল

চিকিৎসকদের মতে, অনেক ডেঙ্গু রোগী শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ার পর হাসপাতালে আসছেন। এতে চিকিৎসা দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মির্জা গোলাম সারওয়ার জানান, একদিনে নতুন করে ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট ২৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে আসা অনেক রোগীর শরীরে শক সিন্ড্রোমের লক্ষণ দেখা যাচ্ছে। কারও কারও রক্তচাপ এতটাই কমে যাচ্ছে যে তা পরিমাপ করাও কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে অক্সিজেনের মাত্রাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ বি এম আবদুল্লাহ বলেন, বারবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া এবং রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি করাই মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

তিনি জানান, আগে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিরা পরবর্তী সময়ে আবার সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন। এ কারণে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বারবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন ঢাকার ৩৩ বছর বয়সী বাসিন্দা ফয়সাল ফেরদৌস। ২০১৭ ও ২০২৪ সালের পর চলতি মাসের শুরুতে তৃতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। এবার তার পাশাপাশি স্ত্রীকেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

ফয়সাল জানান, তাদের পাঁচ বছর বয়সী ছেলে অন্য একটি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। সেখানে কয়েক দিন অবস্থানের পরপরই তিনি ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।

নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ছিল অত্যন্ত কষ্টকর। তবে বারবার সংক্রমিত হওয়ার কারণে এবার গুরুতর কোনো বিপদ হতে পারে—এমন আশঙ্কাও তাকে উদ্বিগ্ন করে তুলেছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের উপস্থিতি একসঙ্গে সক্রিয় থাকায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়ছে। একজন ব্যক্তি একটি সেরোটাইপে আক্রান্ত হওয়ার পর পরবর্তী সময়ে অন্য সেরোটাইপে সংক্রমিত হলে জটিলতা তৈরির আশঙ্কা থাকে। দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশে ডেঙ্গুর টিকা চালুর বিষয়টি বিবেচনা করা হলেও এখনো টিকাদান কার্যক্রম শুরু হয়নি।

জলবায়ু পরিবর্তনে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর মৌসুম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার মনে করেন, অক্টোবরের তুলনায় নভেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা কম থাকলেও পুরো মাসজুড়েই সংক্রমণ অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে, তবে নভেম্বরের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। সংক্রমণ কমলেও তা হবে সীমিত মাত্রায়। ডিসেম্বরের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনাও কম।

কবিরুল বাশার আরও বলেন, আগের বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি থেকে এখনো নতুন করে এডিস মশার জন্ম হচ্ছে। আবহাওয়া শুষ্ক হয়ে এলেও এসব জমে থাকা পানির উৎস মশার প্রজনন অব্যাহত রাখছে।

তার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত ও আর্দ্রতার স্বাভাবিক ধারায় পরিবর্তন আসছে। এর ফলে মশার প্রজননের সময়সীমা দীর্ঘ হচ্ছে এবং এডিস মশা বছরের দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকছে। এতে ডেঙ্গুর মৌসুমও আগের তুলনায় দীর্ঘায়িত হচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা