দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ২১ হাজার ৬০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে দিনাজপুর ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে ৭২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।
তিনি আরও জানান, সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সাননিউজ/বান্না