গোল উৎসবের মাঝে বিষাদের ছায়া
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলে অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়েছিলেন মেয়র জোহরান মামদানি
নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানির ফুটবলপ্রেম নতুন কিছু নয়। তবে সম্প্রতি সিটি হলের সাংবাদিকদের বিপক্ষে এক বন্ধুত্বপূর্ণ ম্যাচে নেমে তাকে দিতে হলো চড়া মূল্য। ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে এই নগরপ্রধানকে। গত ২০ নভেম্বর সিটি হলের রোটান্ডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে উপস্থিত হয়ে তিনি নিজেই চোটের এই নেপথ্য কাহিনি তুলে ধরেন।
মামদানি ও সিটি হলের গণমাধ্যমকর্মীদের মধ্যে হওয়া এই প্রীতি ম্যাচটি নিয়ে শুরু থেকেই এক ধরনের অলিখিত গোপনীয়তা বজায় রাখার পরিকল্পনা ছিল। দুই পক্ষই চেয়েছিল বিষয়টি নিজেদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকুক এবং বাইরে জানাজানি না হোক। কিন্তু বিধিবাম—গত সপ্তাহে যখন মেয়র ক্রাচে ভর দিয়ে এবং ডান পায়ে মেডিকেল বুট পরিহিত অবস্থায় সংবাদ সম্মেলনে প্রবেশ করেন, তখন আর গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়নি। একপ্রকার বাধ্য হয়েই তিনি নিজের এই শারীরিক অবস্থার আসল কারণ সবার সামনে প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে নিজের চোট পাওয়ার মুহূর্তটি বেশ রসিকতা ও আক্ষেপের সুরেই বর্ণনা করেন জোহরান মামদানি। তিনি জানান, মাঠে গড়ানোর খুব অল্প সময়ের মধ্যেই তিনি একটি গোল করেন। সেই উচ্ছ্বাস ও উদ্দীপনায় তিনি নিজের ৩৫ বছর বয়সের কথা একদমই ভুলে গিয়েছিলেন। গোল করার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।
নিজের এই দুর্ঘটনার পেছনে গাফিলতির কথাও অকপটে স্বীকার করেছেন মামদানি। তার ভাষ্যমতে, খেলার আগে ঠিকমতো ওয়ার্ম-আপ বা স্ট্রেচিং না করার কারণেই পেশি ও টেন্ডনে এমন মারাত্মক চাপ পড়ে এবং চোটটি ঘটে। মাঠে উপস্থিত এক সাংবাদিক অবশ্য স্পষ্ট করেছেন যে, প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের ধাক্কা বা ফাউলের কারণে নয়; বরং মেয়র নিজের ভারসাম্য হারিয়ে নিজে থেকেই পড়ে গিয়েছিলেন।
নিজেকে গুরুতর আহত করলেও প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে বেশ সন্তুষ্ট নিউইয়র্কের মেয়র। চোটের যন্ত্রণা ও অস্ত্রোপচারের ধকল সামলেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, ওই ম্যাচে সংবাদকর্মীদের দলকে ১০-৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে তাঁর দল। ফলে ব্যক্তিগতভাবে শারীরিক ক্ষতির শিকার হলেও দলগত জয়ের আনন্দ তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল।
চোট সারিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে আরও এক ধাপ এগিয়েছেন মামদানি। তার প্রেস সচিব জো ক্যালভেলো শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, মেয়রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে তিনি গ্রেসি ম্যানশনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং ধীরে ধীরে সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
সান নিউজ / রাজীব