ছবি : রয়টার্স
আন্তর্জাতিক
দুই কর্মী নিহত

গাজায় মানবিক সেবাকেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

এমএসএফের পাল্টাপাল্টি দাবিতে উত্তপ্ত পরিস্থিতি

ক্লিনিকটির সুনির্দিষ্ট অবস্থান ও পরিচয় ইসরায়েলি বাহিনীর কাছে পূর্ব থেকেই

নথিভুক্ত ছিল এবং ভবনের গায়ে সংস্থার নিজস্ব লোগোও স্পষ্টভাবে আঁকা ছিল।

অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় সংস্থাটির দুই কর্মী প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতের আঁধারে গাজা সিটির আল-শিফা হাসপাতাল সংলগ্ন ওই ক্লিনিকের ফটকে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে তীব্র মতবিরোধ ও পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও এমএসএফের ক্ষোভ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মুহূর্তে ওই দুই কর্মী ক্লিনিকটির প্রবেশদ্বারে বসেছিলেন। হঠাৎ একটি ইসরায়েলি ড্রোন বেশ নিচে নেমে আসে এবং সরাসরি তাদের নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পরপরই ধারণ করা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে ক্ষুদ্র গর্ত, ছোপ ছোপ রক্তের দাগ এবং আংশিক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে।

এমএসএফ কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই আক্রমণের তীব্র নিন্দা ও গভীর হতাশা প্রকাশ করেছে। সংস্থাটির ভাষ্যমতে, নিহতরা তাদের ক্লিনিকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি তাদের স্থাপনার সীমানার ভেতরেই আঘাত হেনেছে।

এমএসএফ আরও স্পষ্ট করেছে যে, ক্লিনিকটির সুনির্দিষ্ট অবস্থান ও পরিচয় ইসরায়েলি বাহিনীর কাছে পূর্ব থেকেই নথিভুক্ত ছিল এবং ভবনের গায়ে সংস্থার নিজস্ব লোগোও স্পষ্টভাবে আঁকা ছিল। এই দুই কর্মীর মৃত্যুর মধ্য দিয়ে চলমান সংঘাতে গাজায় এমএসএফের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল।

আইডিএফের ভিন্ন দাবি

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) হামলার দায় স্বীকার করলেও ভিন্ন যুক্তি দাঁড় করিয়েছে। তাদের দাবি, ক্লিনিকটির নিরাপত্তাকর্মীর ছদ্মবেশে ওই দুই ব্যক্তি মূলত হামাসের সামরিক শাখার হয়ে কাজ করছিলেন। আইডিএফের অভিযোগ, নিহতরা ইসরায়েলি সাধারণ নাগরিক ও সেনাদের ওপর আক্রমণের ছক কষছিলেন।

সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে হামলার পূর্বে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি তারা জোর দিয়ে বলেছে, কোনো হাসপাতাল বা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়নি এবং সেগুলোর কোনো ক্ষতিও হয়নি।

স্বজনদের আহাজারি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিন্দা

আজ শনিবার শত শত শোকার্ত ফিলিস্তিনির অংশগ্রহণে নিহত দুই কর্মীর জানাজা সম্পন্ন হয়। নিহতদের একজন আবু হাসিরার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে জানান, হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেও তার সঙ্গে দেখা হয়েছিল।

ইমাদের ভাষায়, আবু হাসিরা ছিলেন অত্যন্ত শান্তস্বভাবের ও পরোপকারী একজন মানুষ। স্ত্রী, দুই সন্তান ও মায়ের ভরণপোষণ এবং দেখভাল করাই ছিল তার জীবনের একমাত্র ভাবনা। কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার বিন্দুমাত্র যোগাযোগ ছিল না বলেও দাবি করেন তিনি।

এদিকে, স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর এমন আঘাতের কঠোর সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, যারা নিজেদের জীবন বাজি রেখে অন্যের প্রাণ বাঁচানোর ব্রত নিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি; তারা কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারেন না।

যুদ্ধবিরতির মাঝেও থামছে না রক্তপাত ও মানবিক বিপর্যয়

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও বাস্তবে উপত্যকাটিতে সহিংসতা বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিগত ১৩ মাসে ইসরায়েলি অভিযানে অন্তত ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যে তথ্যটিকে জাতিসংঘও নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।

একদিকে লাগাতার হামলা, অন্যদিকে প্রকৃতির বৈরিতা—সব মিলিয়ে গাজার মানবিক পরিস্থিতি এখন চরম বিপর্যয়ের মুখে। চলতি মাসের শুরুর দিকের ভারী বর্ষণ ও সৃষ্ট বন্যায় বাস্তুচ্যুত মানুষদের কয়েক হাজার অস্থায়ী আশ্রয়শিবির ধ্বংস হয়ে গেছে। আসন্ন তীব্র শীত মোকাবিলায় উপত্যকাটিতে জরুরি ভিত্তিতে তাঁবু, হিটার, পানি নিষ্কাশন পাম্প এবং জীবনরক্ষাকারী ওষুধ ও টিকা প্রবেশের বাধা দূর করতে ইসরায়েলের প্রতি জোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, উপত্যকাটিতে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাবনায় জমি দখল ও ধান কেটে নেওয়ার অভিযোগ ৭ জনের বিরুদ্ধে

পাবনার ফরিদপুরে প্রায় ৯ বিঘা (২ দশমিক ৬৬ একর) জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ...

বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বোচাগঞ্জে প্রমিলা ফুটবলে জয়ী মহেশপুরের আশার আলো

নারী ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং খেলাধুলায় অংশগ্...

বোচাগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা