দেশসেবা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৬ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ।
রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে বি/২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিকের বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌবাহিনীর গৌরবোজ্জ্বল জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।
বেলা ১১টায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মনোজ্ঞ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বি/২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। একই সঙ্গে দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের নিয়োজিত রাখার শপথ গ্রহণ করেন।
কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির অন্যতম সূতিকাগার হিসেবে কাজ করছে।
নবীন নাবিকদের উদ্দেশে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
প্রাণবন্ত এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না