ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি: এএফপি
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য

ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু

দ্য টেলিগ্রাফ

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট আগামী সপ্তাহের শুরুতেই দেশটির

নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হতে পারেন। তার রাজনৈতিক মিত্ররা এমনটাই মনে করছেন।

এক মাস আগে ইসরায়েলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সাম্প্রতিক দিনগুলোতে তথাকথিত ‘পরিবর্তনের জোটের’ (চেঞ্জ ব্লক) দলগুলোর মধ্যে একের পর এক আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের সম্ভাবনা পরিষ্কার হতে শুরু করেছে।

নতুন সরকার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে অনুমোদিত হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে ।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন ক্ষমতা হারানোর আশঙ্কায় রয়েছেন। খবরে বলা হচ্ছে, নেতানিয়াহু মনে করছেন, শুধু কোনো ‘অলৌকিক ঘটনা’ই এখন তাকে রক্ষা করতে পারে।

সরকার গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য আইজেনকট মন্ত্রিসভার একটি রূপরেখা স্পষ্ট হতে শুরু করেছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরব ও ধর্মীয় দলগুলোর সমর্থন :

ইহুদি নেতৃত্বাধীন চারটি বিরোধী দলের মোট আসন ৪৮টি। অথচ ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে কার্যকর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

এ ঘাটতি পূরণে দুটি দলের সমর্থন পাওয়ার আশা করছেন পরিবর্তনের জোটের নেতারা। এর একটি হলো, আরব-ইসরায়েলি দল রাআম। নেসেটে দলটির আসন ৮টি। অন্যটি অতি রক্ষণশীল ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। তাদের আসন ৭টি। অতীতে দলটি নেতানিয়াহুর জোটকে সমর্থন দিয়েছে।

দল দুটি সমর্থন দিলে নতুন জোটের মোট আসন হবে ৬৩টি। তবে রাআম ও ইউটিজে আনুষ্ঠানিকভাবে সরকারে যোগ না-ও দিতে পারে। সে ক্ষেত্রে তারা সরকারের বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে চুক্তি করতে পারে।
গত শুক্রবার গুঞ্জন ছড়ায়, রাআমের নেতা মনসুর আব্বাস গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে হামাসকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করবেন। এটি ছিল আইজেনকটের অন্যতম প্রধান দাবি।

পরে গতকাল রাতে ইসরায়েলি চ্যানেল এন১২-এ দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলাদা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বদলে নিজের স্বাক্ষরিত একটি বিলের লেখার ওপর ভিত্তি করে তিনি এ অবস্থান তুলে ধরেন এবং জানান, বিষয়টি তাঁর কাছে আগে থেকেই পরিষ্কার ও মীমাংসিত।

মনসুর আব্বাসের এই অবস্থানের মধ্য দিয়ে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমঝোতার পথে একটি বড় বাধা দূর হওয়ার ইঙ্গিত মিললেও, এ ধরনের বক্তব্য নিজের ও পরিবারের জন্য প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন আব্বাস।

অন্যদিকে, অতি রক্ষণশীল ইহুদি তরুণদের একটি বড় অংশকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন নিয়ে ইউটিজের সঙ্গে আইজেনকটের আলোচনাও ভালোভাবে এগোচ্ছে বলে জানা গেছে।

আইজেনকটের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে এ আলোচনা খুব গুরুত্বপূর্ণ। এতটাই গুরুত্বপূর্ণ যে নেতানিয়াহু নিজেও ইউটিজের একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে ইউটিজের জ্যেষ্ঠ রাব্বি মোশে হিলেল হির্শের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন নেতানিয়াহু। তবে তাঁর সেই চেষ্টা প্রত্যাখ্যাত হয়।

আরেকটি আরব দলের সমর্থন :

আরব-ইসরায়েলিদের জোট জয়েন্ট লিস্ট এবার আসন পেয়েছে ১১টি। রাআমের তুলনায় বেশি জাতীয়তাবাদী অবস্থানের এ দল নীতিগত কারণে ইসরায়েলের কোনো সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে বাস্তবে আইজেনকটের সম্ভাব্য সরকারকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখতে পারে দলটি।

সরকার গঠনের পর ইউটিজে সমস্যা তৈরি করতে পারে। তারা অনির্ভরযোগ্য হয়ে উঠলে নির্দিষ্ট কিছু ভোটাভুটিতে জয়েন্ট লিস্ট আইজেনকটকে সমর্থন দিতে পারে। এভাবে আরব-ইসরায়েলিদের এ জোট সম্ভাব্য সরকারের জন্য একধরনের ‘নিরাপত্তাবেষ্টনী’ হিসেবে কাজ করতে পারে।

নতুন সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে ওঠা লিবারম্যান বলেছেন, ‘আগামী সপ্তাহের শেষ নাগাদ আমরা এমন একটি সরকার উপস্থাপন করতে পারব, যেখানে সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা থাকবে।’

নতুন সরকারের সামনে যেসব কাজ :

আইজেনকটের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রথম দিকের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হবে, নেতানিয়াহুর বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ বাতিল করা। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা।

আরেকটি জরুরি কাজ হবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া বার্ষিক কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে নতুন সরকারকে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে হবে।

তবে ইসরায়েলের রাজনীতিতে কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না। বিশেষ করে এমন একটা সময়ে, যখন নেতানিয়াহু রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ।

বেনেটকে নিয়ে সমস্যা :

সাম্প্রতিক দিনগুলোতে সরকার পরিবর্তনের পথে সম্ভাব্য বাধা হিসেবে সামনে এসেছে নাফতালি বেনেটের নাম। তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের দাবি, ইউটিজের সঙ্গে বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে আইজেনকটের সম্ভাব্য সমঝোতার বিরোধিতা করছেন বেনেট।

বেনেট নির্বাচনী প্রচারে ‘যাঁরা সামরিক সেবা করেন, তাঁদের জোট’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা না করায় ক্ষুব্ধ হন বেনেট। এ কারণে চলতি সপ্তাহে জোট গঠনসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক বেনেট পিছিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।

ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে এখন একমাত্র বেনেটই আইজেনকটের সঙ্গে আনুষ্ঠানিক জোট চুক্তিতে সই করেননি।

ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে তীব্র বিতর্কগুলোর একটি হলো ‘হারেদি ড্রাফট’ বা অতি রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবায় অন্তর্ভুক্ত করার প্রশ্ন।

ইসরায়েলের সমাজের অন্য অংশের মানুষের সামরিক সেবা করতে হয়। অথচ অতি রক্ষণশীল ইহুদি তরুণদের বড় অংশ এই বাধ্যবাধকতা থেকে ছাড় পান। বিষয়টি নিয়ে সমাজের অন্য অংশে ব্যাপক ক্ষোভ রয়েছে।

এখন সরকার গঠনের আলোচনায় আরব দলগুলোর অংশগ্রহণের চেয়েও এই সামরিক সেবার প্রশ্ন বেশি বিতর্কিত হয়ে উঠেছে। এটি কিছুটা অপ্রত্যাশিত। কারণ, লিবারম্যানের মতো নেতারা আগে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনা প্রকাশ্যে নাকচ করেছিলেন। কিন্তু এখন অনিচ্ছা সত্ত্বেও তাঁরা সেই সমঝোতা মেনে নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

সম্ভাব্য মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে :

ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

লিবারম্যান নেতানিয়াহুর কট্টর বিরোধী। তাঁকে ক্ষমতা থেকে সরাতে দৃঢ়প্রতিজ্ঞ এ নেতা নতুন সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অন্যদিকে মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। এর পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও তাঁর হাতে যেতে পারে। গোলানও ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা।

একটি প্রতিবেদনে গোলানকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া একমাত্র ইহুদি দলের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর জাতীয় নিরাপত্তামন্ত্রী হওয়ার সম্ভাবনা অধিকৃত পশ্চিম তীরে উল্লেখযোগ্য পরিবর্তনের পথ খুলে দিতে পারে।

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের প্রশ্রয়ও রয়েছে। বর্তমানে এসব বাহিনীর দায়িত্বে রয়েছেন কট্টর জাতীয়তাবাদী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে ক্রমশ এমন উদ্বেগ বাড়ছে যে, গাজার পরিস্থিতির চেয়েও পশ্চিম তীরের এ সমস্যা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার বেশি ক্ষতি করছে।

এদিকে ডানঘেঁষা দল বিয়াচাদের যৌথ নেতা নাফতালি বেনেট অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তিনি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা :

এ পরিস্থিতিতে আইজেনকটের দল এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে সমান্তরালভাবে চলা আলোচনা নিয়ে বেনেট বেশ আগ্রহী বলে জানা গেছে।

আইজেনকটকে নিয়ে একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়ে আসছেন নেতানিয়াহু। এ প্রস্তাবের পক্ষে তিনি ইরানের হুমকির কথা উল্লেখ করেছেন।

নেতানিয়াহুর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবিলায় তাঁর বিশেষ সক্ষমতা রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

আপাতদৃষ্টিতে মনে হতে পারে, আইজেনকট শুধু সব ধরনের সম্ভাবনা যাচাই করে দেখার জন্যই লিকুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে নির্বাচনে লিকুদ একক বৃহত্তম দল হিসেবে উঠে আসায় আইজেনকট দেখাতে চাইতে পারেন যে তিনি সরকার গঠনের সব বিকল্পই বিবেচনা করেছেন। তবে সবাই এ ব্যাখ্যার সঙ্গে একমত নন।
আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের চুক্তির বিষয়ে আইজেনকট সত্যিই আগ্রহী।

সম্ভাব্য একটি সমঝোতা অনুযায়ী, প্রথম এক বছর প্রধানমন্ত্রী থাকবেন আইজেনকট। এরপর দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নেতানিয়াহু।

দুই বছর পর নেতানিয়াহু প্রেসিডেন্ট হবেন। তখন পার্লামেন্টের মেয়াদের শেষ এক বছরের জন্য আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন আইজেনকট।

সূত্রটি বলেছে, ‘গাদি এমন একটি ঐক্যের সরকার চান, যেখানে প্রথমে তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবে সবাই খুব সতর্ক। কারণ, বিবি (নেতানিয়াহু) এমন প্রস্তাব দিয়ে শেষ মুহূর্তে পুরো বিষয়টি ভেস্তে দিতে পারেন। এতে আবার নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।’

সূত্রটি আরও বলেছে, অনেকে যেমন দাবি করছেন, লিকুদের সঙ্গে আলোচনার প্রধান উদ্যোক্তা আসলে বেনেট নন।


বেনেটের উদ্দেশ্য নিয়েও নানা আলোচনা :

তবে অন্য সূত্রগুলো এ বক্তব্যের সঙ্গে একমত নয়। তাদের মতে, নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার সবচেয়ে বড় সমর্থক বেনেটই।

আবার কারও কারও ধারণা, নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের বিষয়ে বেনেটের আগ্রহ প্রকৃত নয়। এর পেছনে তাঁর দীর্ঘমেয়াদি রাজনৈতিক হিসাব রয়েছে।

এ ব্যাখ্যা অনুযায়ী, বেনেট লিকুদের ভোটারদের কাছে একটি বার্তা দিতে চাইছেন। তাঁর লক্ষ্য হতে পারে, বর্তমানে ৭৭ বছর বয়সী নেতানিয়াহু যখন আর নির্বাচনে অংশ নেবেন না, তখন লিকুদের ভোটাররা যেন বেনেটকে সমর্থন করেন।

আরেকটি ধারণা হলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার প্রতিশ্রুতি না পেয়ে বেনেট অসন্তুষ্ট।

ফলে নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে তিনি আইজেনকটের কাছ থেকে আরও ভালো সমঝোতা আদায়ের চেষ্টা করছেন।
লিবারম্যানের সতর্কবার্তা
গত বৃহস্পতিবার প্রকাশ্যে নেতানিয়াহুকে বিশ্বাস না করার বিষয়ে সতর্ক করেন লিবারম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘পরিবর্তনের সরকার গঠিত হচ্ছে।’

লিবারম্যান আরও বলেন, ‘নেতানিয়াহু গাদি আইজেনকটকে পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে পারেন। সেখানে নেতানিয়াহু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন। আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে সবাইকে বুঝতে হবে, এটি নিছক একটি কৌশল।’

লিবারম্যানের মতে, নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে তিনি সংকট সৃষ্টির চেষ্টা করবেন। এর উদ্দেশ্য হবে ইসরায়েলকে আবার নির্বাচনের দিকে নিয়ে যাওয়া।

লিবারম্যানের আশঙ্কা, তেমন পরিস্থিতিতে আইজেনকট ও তাঁর সহযোগীদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

লিবারম্যান বলেন, ‘রাজনৈতিক অঙ্গনের সব পক্ষকেই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে।’



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

কক্সবাজার উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ আবু গায়...

উখিয়ায় মাইক্রোবাসের ইঞ্জিন কভারে ১৪ হাজার পিস  ইয়াবা, চালক আটক

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক...

চকরিয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ ব্যবসায়ীর ক্ষতি ২ কোটি  টাকা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড...

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত ২২ শতাংশ বৃদ্ধি, সমকামীর সংখ্যা অর্ধেক

দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা