ছবি: সংগৃহীত
জাতীয়

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ একটি জাতির সবচেয়ে বড় শক্তি এবং উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। স্বাধীনতা অর্জন, জাতীয় সংকট মোকাবিলা থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যুবসমাজ সব সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের সম্ভাবনা ও সক্ষমতা উপলব্ধি করে তাদের সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পায়। পরবর্তী সময়ে তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশের প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি আয় করছেন।

তিনি আরও জানান, যুব উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে ২০২৬ সালের জুন পর্যন্ত মোট ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় যুব পুরস্কারকে যুবসমাজের কাজের স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নারী-পুরুষ ও যুব সংগঠককে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনি এ বছর পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন জরুরি। পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় তরুণ প্রজন্মকে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও সময়োপযোগী দক্ষতায় নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। ফ্রিল্যান্সিং ও এআইবিষয়ক প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ পাচ্ছেন।

পরিবেশ সংরক্ষণে যুবসমাজের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব কার্যক্রমে অবদান রাখছেন।

এ ছাড়া স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন সম্ভাবনাময় বিভিন্ন খাতে প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষ, আধুনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তি গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশ ঘটিয়ে তরুণদের জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী জানান, তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় নতুন উদ্যোগ যেন প্রয়োজনীয় অর্থায়নের অভাবে থেমে না যায়, সে লক্ষ্যেই দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুবসমাজ আরও বেশি কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

পরিশেষে, জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা