জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জানিয়ে তা কমানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে বিশ্ববিদ্যালয়কে আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু কথার ফুলঝুরি নয়, বরং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করতে চায় সরকার।
বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। সরকারের সাত মাসের সময়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব না হলেও এ বিষয়ে চেষ্টার কোনো কমতি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সান নিউজ/ রাব্বি