মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে চিশতী বাবা আবুল চান শাহ-এর দরবারে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক মেলা।
মেলা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
দরবারের ঐতিহ্য রক্ষাকারী মোশাররফ হোসেন চান শাহ জানান, “আল্লাহর রহমতে, স্থানীয় এলাকাবাসীর, এবং দরবারের ভক্তবৃন্দ, আশেকান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, ৩ দিনব্যাপী এই মেলায় প্রতিদিনই প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মেলায় আগত অতিথি, ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকার সুন্দর ব্যবস্থা ছাড়াও ১০০ ডেগ তবারকের ব্যাবস্থা করা হচ্ছে, যাতে কোনো দর্শনার্থী খালি মুখে ফিরে না যান।
মেলা উপলক্ষে পুরো দরবার এলাকা রঙ-বেরঙের মরিচ বাতি, সুবিশাল আলোকসজ্জা, সুসজ্জিত গেট ও দৃষ্টিনন্দন প্যান্ডেলে সাজিয়ে তোলা হয়েছে।
মেলা প্রাঙ্গণে বসেছে রকমারি পণ্যের দোকান। মিষ্টি-জিলাপি, মুখরোচক পেঁয়াজু-চপ, শিশুদের হরেক রকমের খেলনা, কসমেটিকস ও চায়ের স্টলসহ সারিবদ্ধ অসংখ্য দোকানে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি। প্রতি বছরই এটি আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। এবারও হরেক রকমের দোকানের পসরা বসেছে এবং চারদিকে উৎসবের মেজাজ বিরাজ করছে।’
বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘ঐতিহ্যবাহী এই মেলাটি আমাদের ইউনিয়নের গৌরব। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের গ্রামে আসবেন, তাই মেলার পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এটি সফল করার চেষ্টা করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি তারা যেন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।’
আয়োজক মোশাররফ হোসেন চান শাহ ব্যক্তিগতভাবে সকলকে দাওয়াত পৌঁছাতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সর্বস্তরের জনগণকে মেলায় আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এই মেলাটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সাননিউজ/বান্না