আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও দলীয় অফিসে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরও হয়। ঘটনার তিন সপ্তাহ পর দলটির মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমীর মদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্বাবধায়ক আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৬ অক্টোবর সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে। তবে তা আজ প্রকাশ্যে এসেছে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়।
সাননিউজ/বান্না