একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের রাজধানী ইস্তানবুলের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে সরকারপ্রধান ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব হাসান শিপলু।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
উপপ্রেস সচিব শিপলু বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার আনতালিয়া পৌঁছে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি দেশে ফিরবেন।
এর আগে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, তিন দিনের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সাননিউজ/বান্না