নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র গুলি সহ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়ার দিকনির্দেশনায় এসআই কাইয়ূম ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে পুলিশ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
পুলিশের কাছে তথ্য ছিল, মুনসেফেরচর পূর্বপাড়ার সাকিল গাজীর বসতবাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী চক্র গোপন বৈঠক করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাজী শিপন (২৪), মোঃ জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন । এ সময় উক্ত সন্ত্রাসী চক্রের ৫ থেকে ৬ জন সদস্য পালিয়ে যায়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া,একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশন বিহীন একটি পুরোনো পালসার এএস ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন,আমার থানা এরিয়ায় কোন প্রকার অপরাধী থাকতে পারবে না, আমি যে কোনোভাবে হোক তাদেরকে আইনের আওতায় আনবো।
সাননিউজ/বান্না