মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ইয়াসিন সরদারের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইয়াসিন সরদার ওই গ্রামের আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াসিন সরদারের দখল থেকে ২০০ পিস ইয়াবা, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশেদ মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দখল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগে পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাননিউজ/বান্না