ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন বড়পর্দায় খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ের বাইরে বিভিন্ন শোরুম উদ্বোধন ও সামাজিক মাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে ব্যক্তিগত নানা ঘটনা নিয়ে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনাম হন এই অভিনেত্রী। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ঘিরে আলোচনায় এসেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পরীমনি। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
জীবনে বারবার নানা ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে আক্ষেপের সুরে পরীমনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা— সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
এদিকে এআই প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়রানি করার ঘটনা বাড়তে থাকায় এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।
পরীমনি বলেন, ‘বিষয়টি অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি।’
তবে পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব না হওয়ায় পরে বিষয়টি নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। পরীমনির ভাষ্য, সাধারণ কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটলে মানসিকভাবে ভেঙে পড়ে চরম সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। এ ধরনের ঘটনা নিয়ে অতীতেও বহু সংবাদ প্রকাশিত হয়েছে। তাই নারীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহার করে তার আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি প্রচার করা হয় বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু প্রতিকারও দাবি করেছেন পরীমনি।
এর আগে নিজের ফেসবুক লাইভে এসেও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরব হন অভিনেত্রী। তার এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই সাহসিকতার প্রশংসা করেছেন।
ভক্তদের এমন সমর্থন তাকে আরও শক্তি জোগাচ্ছে জানিয়ে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানান, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথেই আছি।’
এআই প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে পরীমনির এই অবস্থান নতুন করে আলোচনায় এনেছে অনলাইনে নারীদের হয়রানি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরির বিষয়টি।
সান নিউজ/ রাব্বি