শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, স্বল্পসংখ্যক সফরসঙ্গী নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফেরার জন্য এক দিন করে এবং সেখানে অবস্থানের জন্য চার দিন—সব মিলিয়ে সফরটি ছয় দিনের। এই সময়ে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এছাড়া নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই সফরের লক্ষ্য আড়ম্বর নয়; বরং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরা।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন একই অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
মাহদী আমিনের ভাষ্য, প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি বিদেশ সফর বা জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে।
সান নিউজ/ রাব্বি