গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ আশিক সাঈদ নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে থাকার আহবান জানান।
তিনি চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বলেন, পতিত শক্তি সংগঠিত হয়ে নতুন করে শ্রমিক বেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদেরকে নেপথ্যে একটি মহল ইন্দন যোগাচ্ছে। পুলিশ কঠোরভাবে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।
তিনি মাদক, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন। মাদক সন্ত্রাস ও অপরাধীদের সাথে কোনো প্রকার আপোষ নয়। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না। হোক সেটা পুলিশ বা অন্য কেউ।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল বারী বাবুল, ইজাজ আহমেদ মিলন প্রমুখ।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার ক্রাইম, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মহানগরের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য শ্রমিক বেশে যারা আন্দোলন ও ইন্দান যোগাচ্ছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।
সাননিউজ/বান্না