সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজারে গরু ছিনতাইয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সলুকাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল হাই। সেইসঙ্গে প্রমাণও হাজির করেছেন এই বিএনপি নেতা।
প্রতিবাদে আব্দুল হাই দাবি করেন, গত ৫ নভেম্বর বিকেলে বাঘবেড় বাজারে গরু ছিনতাই বা চুরির কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর অভিযোগ, ষাঁড় গরুর মালিক দাবিদার মথুরকান্দি গ্রামের শামীম আহমদ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বিবাদী করেছেন।
তিনি জানান, সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের পারভেজ মিয়া কাপনা গ্রামের ইউনুছ আলীর কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে একটি লাল ষাঁড় গরু কিনেছেন। এ ক্রয়-বিক্রয়ের পক্ষে ১৪ নম্বর বহির ১৩৫০ নম্বর রসিদ রয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, এ বিষয়ে কোনো বিরোধ থাকলে তা ক্রেতা ও বিক্রেতার মধ্যকার বিষয়।
আব্দুল হাই আরও বলেন, তিনি বাঘবেড় বাজারের একজন ইজারাদার। নিজের বাজারে এমন কোনো ঘটনা ঘটিয়ে তিনি নিজের কিংবা ব্যবসায়িক অংশীদারদের সুনাম ক্ষুণ্ন করতে চান না। একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগে জড়িয়েছে বলে তাঁর দাবি।
তিনি প্রশাসনের কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
সাননিউজ/বান্না