এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রী চলাচল ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখলের কারণে যাত্রীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছিল। এসব বিবেচনায় অভিযান চালিয়ে অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকা দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি নতুন করে কেউ যাতে অবৈধভাবে জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
সান নিউজ/ জামান