ভালো ফলনের প্রত্যাশায় যখন পেঁয়াজ ও রসুন চাষে ব্যস্ত ছিল মাদারীপুর জেলার শিবচরের কৃষকেরা, তখনই অকাল বৃষ্টি যেন তাদের সেই স্বপ্নে তৈরি করেছে নতুন শঙ্কা। ঘূর্ণিঝড় আকমানের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টিতে মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থানের ফসলের ক্ষেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সদ্য গজিয়ে উঠা পেঁয়াজ ও রসুনের ক্ষেতে পানি জমে নষ্ট হয়ে গেছে চারা। ফলে ক্ষতির আশংকায় কৃষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগেই জমিতে রোপণ করা হয়েছে পেঁয়াজের চারা। ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত ছিলেন কৃষক। কিন্তু হঠাৎ অকাল বৃষ্টিতে বদলে গেছে সেই চিত্র। গত তিন দিনের টানা বৃষ্টিতে শিবচরের নিম্নাঞ্চলের অনেক পেঁয়াজ ও রসুনের ক্ষেতে জমেছে পানি। কাদায় ডুবে আছে সদ্য রোপণ করা পেঁয়াজ ও রসুনের চারা। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে চলতি মৌসুমে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। বাকি জমিতেও চলছে আবাদ কার্যক্রম। আর রসুন আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৪ হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার কাছাকাছি রসুন ইতিমধ্যে চাষও হয়েছে। তবে অসময়ের বৃষ্টিতে কষ্টের ফসল তলিয়ে দুঃশ্চিন্তার ছাপ কৃষকের চোখে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে পেঁয়াজের চারায় দেখা দিতে পারে পচন ও ছত্রাকজনিত রোগ। এতে ব্যাহত হতে পারে উৎপাদন এবং বাড়তে পারে কৃষকের লোকসান। কৃষি বিভাগ বলছে বৃষ্টিতে প্রায় ২৫ হেক্টোর জমির পেঁয়াজ ও প্রায় ১৫ হেক্টোর জমির রসুন ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কৃষকদের দাবী ক্ষতির পরিমান প্রায় ৫০ শতাংশ।'
শিবচরের দ্বিতীয়াখন্ড এলাকার একাধিক কৃষক বলেন, 'ধান কাটার পর রসুন ও পেঁয়াজ লাগানো নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক ক্ষেতে চারা গজিয়ে উঠেছিল। তবে টানা তিনদিনের বৃষ্টিতে পানি জমে যাওয়াসহ আমাদের বেশির ভাগ জমিতেই কাদা জমে আছে। পেঁয়াজ ও রসুন কাদা-পানিতে দ্রুত পঁচে যায়। অনেকে জমিতে পানি জমে তলিয়ে গেছে চারা। আমরা ক্ষতির মুখে পড়ে গেলাম।'
কৃষক আক্তার হোসেন বলেন, 'আমি ১২ কাঠা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। বৃষ্টির পানিতে আমার জমি তলিয়ে গেছে। পেঁয়াজও নষ্ট হয়েছে।'
উপজেলার বহেরাতলা এলাকার কৃষক খসরু কাজী বলেন, ‘আমার রসুন ক্ষেতে পানি জমে গেছে। চারা কেবল গজিয়ে উঠেছিল। পানিতে বেশির ভাগই নষ্ট হবার পথে।'
সরেজমিনে শিবচরের কুতুবপুর, কাদিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পেঁয়াজ, রসুনের ক্ষেত ছাড়াও নানা সবজির বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জমিতে পানি আটকে আছে। কৃষকেরা পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছে। তবে কৃষকদের ধারনা, বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় পেঁয়াজের চারায় পচন ধরেছে। মাঠের প্রায় অর্ধেক ফসলই নষ্ট হয়ে যাবে। অন্যদিকে ক্ষতি হয়েছে ধানের ক্ষেতও।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুরের প্রশিক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। জমিতে পানি জমে থাকলেও দ্রুত পানি নিষ্কাশন এবং প্রয়োজনীয় পরিচর্যা করা গেলে ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাছাড়া, দ্রুত কৃষকদের প্রথমেই জমি থেকে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এরপর জমির অবস্থা দেখে প্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এতে পেঁয়াজ ও রসুন গাছ রক্ষা করা সম্ভব হবে।'
সাননিউজ/বান্না