মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ পৌরসভার গণকপাড়া এলাকায় হাজী শফিউদ্দিনের বসতবাড়ির সামনের গলি থেকে জাকির হোসেন রছি (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরের আজমত আলীর মালিকানাধীন একটি ভাড়া দেওয়া অটো গ্যারেজের সামনের পাকা রাস্তা থেকে মোহাম্মদ সুমন (৩৩) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ডিবির উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার জাকির হোসেন রছি মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। অপর গ্রেপ্তার মোহাম্মদ সুমনের স্থায়ী ঠিকানা লৌহজং উপজেলার ফুলকুচিতে। তিনি বর্তমানে উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামে ভাড়া থাকতেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে সর্বমোট ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাননিউজ/বান্না