মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মিয়া ও দৌলতখান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব পণ্ডিতের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় মদনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় মানুষের মাঝে বিতরণ করা লিফলেটে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, পারিবারিক ও সামাজিক ক্ষতি এবং ইভটিজিংয়ের কুফল তুলে ধরা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে নেতারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। একইভাবে ইভটিজিং নারীদের স্বাভাবিক চলাফেরা ও শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের ঘোষণা—মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো; ইভটিজিং ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো। এ বার্তাকে সামনে রেখে মাদক ও ইভটিজিংমুক্ত দৌলতখান গড়তে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাননিউজ/বান্না