একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্লাস্টিকের কলম বছরের পর বছর পরিবেশের ক্ষতি করে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এবার একটি কলম থেকেই জন্ম নেবে গাছ। সেই গাছ বড় হয়ে ছায়া দেবে, ফল দেবে। এমনই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিসি রোডের বাসিন্দা তরুণ উদ্যোক্তা জামাল শিকদার।
জামাল শিকদার প্লাস্টিকের কলমের বিকল্প হিসেবে তৈরি করছেন সম্পূর্ণ কাগজের কলম। তা বাজারে বিক্রিও করছেন। এই কলমের বিশেষত্ব হলো, এর ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষের বীজ।
উদ্যোক্তা জামাল শিকদার জানান, এই কাগজের কলমের কালি ফুরিয়ে গেলে তা ফেলে না দিয়ে যদি মাটিতে বা একটি টবে পুঁতে দেওয়া হয়, তবে কিছুদিনের মধ্যেই কাগজটি পচে মাটির সাথে মিশে যাবে। আর কলমের ভেতরে থাকা বীজ থেকে জন্ম নেবে নতুন চারা, যা পরবর্তীতে পরিণত হবে পূর্ণাঙ্গ গাছে। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগে তিনি সফলও হয়েছেন।
জামাল শিকদার বলেন, "একটি ছোট উদ্যোগও পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। আমরা প্রতিদিন যে প্লাস্টিকের কলম ব্যবহার করি, তা ব্যবহারের পর যেখানে-সেখানে ফেলে দেই। এই প্লাস্টিক বর্জ্য সহজে মাটির সাথে মেশে না, পরিবেশ দূষণ করে। তাই আমি চাই মানুষ প্লাস্টিকের কলমের পরিবর্তে পরিবেশবান্ধব কাগজের কলম ব্যবহারে উৎসাহী হোক।"
তার মতে, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে পারলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তার এই কাগজের কলম ব্যবহারে একদিকে যেমন প্লাস্টিক দূষণ কমবে, অন্যদিকে তেমনি বাড়বে সবুজের পরিমাণ।
শিবচরের এই তরুণ উদ্যোক্তার এমন উদ্ভাবনী চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন মহল। অনেকেই মনে করছেন, এই ধরনের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে পারলে প্লাস্টিক দূষণ রোধে এটি একটি কার্যকরী পদক্ষেপ হবে।
সান নিউজ/আরএ