বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
দল থেকে বাদ পড়েছেন গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেইলর ও টনি মুনিয়ঙ্গা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি, টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা এবং বেন কারান।
বিশ্বকাপে চোট পাওয়া ব্রেন্ডন টেইলরের বদলি হিসেবে দলে যোগ দিয়েছিলেন বেন কারান। এবারও তিনি স্কোয়াডে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
আগের মতোই দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।
২০ বছর বয়সী নিউম্যান নিয়ামহুরি সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে নজর কেড়েছেন। একমাত্র টেস্টে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ওয়ানডেতে ২ উইকেট শিকারের সঙ্গে ৫১ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন এই তরুণ পেসার।
ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
সান নিউজ/ জামান