বাণিজ্য

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্কা। দেশে চলতি মৌসুমে ‘অন ইয়ার’ হওয়ায় গাছে গাছে মুকুল ও ফলন বেড়েছে, ফলে গত বছরের তুলনায় আম উৎপাদনে নতুন রেকর্ডের আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং চাষিরাও ভালো দামের প্রত্যাশা করছেন।

তবে উৎপাদনের এই ইতিবাচক পরিস্থিতির বিপরীতে রপ্তানি খাতে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আন্তর্জাতিক ফ্লাইটে কার্গো ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রপ্তানিকারকদের খরচ অনেক বেড়ে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবেও কিছু দেশে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফলে উৎপাদন বাড়লেও প্রত্যাশিত পরিমাণ আম বিদেশে পাঠানো নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আন্তর্জাতিক বাজারে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশের আম। এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন রপ্তানিকারক ও চাষি- উভয়ই।

প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এক বছর আমের ফলন বেশি হলে পরের বছর তা কিছুটা কমে যায়, যাকে কৃষি পরিভাষায় বলা হয় ‘অন ইয়ার’ ও ‘অফ ইয়ার’। এবার দেশে চলছে ‘অন ইয়ার’।

দেশের অন্যতম শীর্ষ আম ও কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ইউরোপসহ বিভিন্ন দেশে আম রপ্তানি করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ইউরোপের তিনটি দেশে মোট ৩৫ টন আম রপ্তানি করেছে। এর আগের বছর, ২০২৪ সালে রপ্তানির পরিমাণ ছিল ৫৫ টন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির মোট আম রপ্তানি ছিল ৭৫ টন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাওসার আহমেদ রুবেল বলেন, গত বছরও বড় পরিসরে আম রপ্তানির লক্ষ্য ছিল। কিন্তু বিমান ভাড়ার কারণে হয়নি। এ বছর অবস্থা আরও খারাপ হচ্ছে। আমরা খুব হতাশ।

তিনি বলেন, কয়েকদিন হলো আমরা সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্যে রপ্তানি শুরু করেছি। তবে শুরুতে উড়োজাহাজের ভাড়া বেড়ে সব রেকর্ড ভঙ্গ করেছে। বেসরকারি বিমান সংস্থাগুলো প্রতি কেজি আম যুক্তরাজ্যে ৫০৫ টাকা ভাড়া নিচ্ছে। এর চেয়েও বড় সমস্যা একই দূরত্বে সরকারি বিমান সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ভাড়া হচ্ছে ৫৮০ টাকা।

এ রপ্তানিকারক বলেন, বর্তমানে বাড়তি বিমান ভাড়ার কারণে আম রপ্তানি করে খরচ পোষানো সম্ভব হচ্ছে না। সরকারি বিমানে তো নয়-ই। বেসরকারিতেও গত বছরের চেয়ে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া বেড়েছে।

আরও কয়েকজন রপ্তানিকারকের সঙ্গে কথা বলে জানা গেছে, রপ্তানিযোগ্য আম এবার বাগান থেকে সংগ্রহ করতেই প্রতি কেজিতে খরচ হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। এরপর বাছাই, পরিষ্কার, প্যাকিং ও অভ্যন্তরীণ পরিবহনসহ অন্যান্য খরচ যোগ হয়ে প্রতি কেজিতে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৫০ টাকার বেশি।

এরপর আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়াই গুনতে হচ্ছে কেজিপ্রতি ৫০০ টাকারও বেশি। ফলে সব মিলিয়ে উৎপাদন ও রপ্তানি খরচ বেড়ে যাওয়ায় বিদেশি বাজারে বাংলাদেশের আমের দাম প্রতিযোগী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি পড়ছে, যা রপ্তানিতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ।
রপ্তানিকারকরা বলছেন, গত বছর এ খরচ মোট ৫০০ টাকার মধ্যে ছিল। বছর তিনেক আগে লাগতো ৩০০ থেকে ৩৫০ টাকা।

রপ্তানিকারক কাওসার আহমেদ রুবেল বলেন, এ অবস্থা থাকলে এ বছর রপ্তানি শতভাগ কমবে। কারণ ভারত-পাকিস্তানের মতো আমাদের যে প্রতিযোগী দেশ, তাদের আমের দাম অনেক কম। তাদের আমের স্বাদ, গন্ধ প্রায় একই। ফলে তাদের সঙ্গে আমরা পারবো না।

তিনি বলেন, তবে ভাড়ার কারণে প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের আমের দাম কেজিতে অন্তত এক থেকে দেড় ডলার বেশি পড়ে। এছাড়া ওইসব দেশ থেকে সরকার ফল রপ্তানি মৌসুমে আলাদা কার্গো বিমান চালু করেছে। সে ব্যবস্থা আমাদের নেই।

এসব বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বলেন, রপ্তানিকারকদের এসব সমস্যার বিষয়ে আমরাও শঙ্কিত। যেহেতু আম এখন একটি অন্যতম রপ্তানিপণ্য, আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে এ বিষয়টি নিয়ে যেতে চাই। ২১ তারিখ এ বিষয়ে একটি বৈঠকে আমরা সে প্রস্তাব দেবো।

এ কৃষি কর্মকর্তা বলেন, এবার আমের উৎপাদন ভালো হয়েছে। সেখানে রপ্তানি ব্যাহত হলে চাষিরা দাম পাবে না। নানা জটিলতায় গত দুই বছরও আম রপ্তানি ভালো হয়নি। এবার রপ্তানি প্রতিবন্ধকতা দূর করতে বড় উদ্যোগ প্রয়োজন।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর (২০২৫) বাংলাদেশ থেকে ২ হাজার ১৯৪ টন আম রপ্তানি হয়েছে। এর আগের বছর হয়েছে ১ হাজার ৩২১ টন। তবে এর আগে ২০২৩ সালে দেশ থেকে ৩ হাজার ১০০ টন আম রপ্তানি হয়েছিল। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রপ্তানির রেকর্ড। যেখানে ২০১৭ সালে দেশ থেকে মাত্র ৩০৯ টন আম রপ্তানি হয়েছিল।

বর্তমানে বাংলাদেশ ৩৮টি দেশে আম রপ্তানি করছে। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, জার্মানি, সুইডেনসহ আরও কিছু দেশে বাংলাদেশের আম যাচ্ছে। পাশাপাশি গত বছর প্রথম চীনে আম রপ্তানি হয়। এ বছর নতুন করে মালয়েশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ দেখাচ্ছে।

আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বলেন, এ বছর আম উৎপাদনের জন্য প্রতিকূল অবস্থা রয়েছে। এ বছর উৎপাদন গত বছরের চেয়ে বাড়বে। চলতি মৌসুমে উৎপাদনে নতুন রেকর্ডের আশাও করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ বছর দুই লাখ সাত হাজার হেক্টর জমি থেকে ২৭ লাখ ৯৫ হাজার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর দুই লাখ ৫ হাজার হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছিল ২৬ লাখ ৬২ হাজার টন।

বর্তমানে দেশে ১৪টি জেলায় বাণিজ্যিকভাবে আমের ব্যাপক চাষ হচ্ছে। গোপালভোগ, হিমসাগর-খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতিসহ বিভিন্ন জাতের আম গত ৫ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে বাজারে আসছে।

এ পর্যন্ত বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না হওয়ায় উৎপাদন স্বাভাবিক এবং ক্ষতির শঙ্কা করছেন না চাষিরাও। তারা বলেন, রপ্তানি কম হলেও স্থানীয় বাজারে দাম ভালো থাকলে মুনাফা হবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার টাকার বেশি

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্য সংশোধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সম...

গোমস্তাপুর সীমান্তে পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ...

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক...

উত্তাল পদ্মায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বৈরী আবহাওয়ার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–প...

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, পাচার চক্রের ৯ সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলের বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগরে বড় ধরনের মানবপাচারচেষ্...

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আও...

বিশ্ববাজারে তেলের দাম কমল, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্বস্তির আভাস

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও মূল্যপতনের ধারা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুক...

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠকে অ...

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: মিরপুরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রীদের জরুরি নির্দেশনা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্...

আজ রাতেই ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই বৈরী আবহাওয়ার প্রভাব দেখা দিতে পারে বলে সতর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা