বাণিজ্য

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রায়হান উল্লাহ

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। জুমার দিন ঢাকার বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ থেকে ৩৫০ টাকা, আর দেশি মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।

শুধু মুরগি-ডিম নয়, সবজির বাজারেও বেড়েছে ভোগান্তি। বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে এখন ৮০ থেকে ১০০ টাকার ঘরে পৌঁছেছে। কাঁচামরিচ, পেঁপে, বেগুন, করলা ও কাঁকরোলের দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

একই সঙ্গে পেঁয়াজ ও আদার দামও বাড়তির দিকে। মাছের বাজারেও স্বস্তি নেই; তেলাপিয়া, পাঙ্গাস, রুই-কাতলা থেকে শুরু করে চিংড়ি ও ইলিশ— সব ধরনের মাছই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।

তবে এর মধ্যেও চালের বাজারে কিছুটা স্বস্তির আভাস মিলেছে; নতুন মৌসুমি চাল বাজারে আসায় ব্রি-২৮ ও পাইজাম চালের দাম কেজিতে প্রায় পাঁচ টাকা কমেছে। ক্রেতাদের অভিযোগ, আয় অপরিবর্তিত থাকলেও প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের খরচ, ফলে সংসারের হিসাব মেলানো ক্রমেই কঠিন হয়ে উঠছে।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের মধ্যে বাজারে আটা, ময়দা, সয়াবিন ও পাম তেল, মসুর ডাল, পেঁয়াজ, মুরগি, ডিম, বিভিন্ন ধরনের মাছ, মাংস ও মসলার দাম বেড়েছে। এর মধ্যে কোনো কোনো পণ্যের দাম গত বছরের এই সময়ের তুলনায় বেশি। যেমন বাজারে খোলা সয়াবিন তেলের দাম গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে নয় দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ বাজারে বিভিন্ন নিত্যসামগ্রীর দাম বেড়েছে।

দেখা যায়, গত সপ্তাহে যে কাঁচামরিচ পাওয়া যেত ১২০ টাকায়, আজ ছুটির দিনে এর জন্য গুণতে হচ্ছে ১৬০ টাকা। বাজারে প্রতিকেজি পেঁপে বিক্রি হচ্ছে ১০০ টাকায়; টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বরবটি ৮০ টাকা, আদা ২১০ থেকে ২২০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারও চড়া। তেলাপিয়া আর চাষের পাঙ্গাস মিলছে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে। চাষের রুই-কাতলার দাম হাকা হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। মিঠা পানির মাছের জন্য গুণতে হবে ৬০০ থেকে এক হাজার টাকা কেজি। মানভেদে চিংড়ি মিলছে ৮০০ থেকে এক হাজার ৬০০ টাকা কেজিতে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজার ইলিশের দেখা মিলছে। তবে, খুব কম ক্রেতারই এই মাছ কেনার সামর্থ্য আছে। এক কেজি আকারের নদীর ইলিশের দাম হাঁকা হচ্ছে তিন হাজার ৫০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ নিতে চাইলে, দিতে হবে দুই হাজার টাকা বেশি।

জানা গেছে, গত মাসে সোনালি মুরগির কেজি ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। এখন বেড়ে হয়েছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। আর দেশি মুরগি সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। এদিকে, ১৭৫ থেকে বেড়ে ২০০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে।

এদিকে, গত সপ্তাহের তুলনায় আজকে ডিমের দাম একটু বেশি। ১২০ টাকার ডজনের ডিম আজকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লারের সাদা ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে দেখা দিয়েছে স্বস্তির ইঙ্গিত। নতুন চাল বাজারে আসায় ব্রি ২৮ ও পাইজাম চালের দাম কেজিতে প্রায় ৫ টাকা করে কমেছে। বর্তমানে ব্রি ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায় এবং পাইজাম ৪৫ টাকায়। চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন মৌসুমি চাল বাজারে আসায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

খুচরা বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। পাড়া-মহল্লার দোকানে এ দাম আরও পাঁচ টাকা বেশি। গত সপ্তাহে যা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে।

রায়ের বাজারে মুরগী বিক্রেতা আনিস মিয়া বলেন, রোজার ঈদের পর মুরগির দাম কিছুটা কমেছিল। আমরা ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৭৫ টাকা বিক্রি করেছি। এই সপ্তাহে কিছুটা দাম বেড়েছে। বর্তমানে ২০০ টাকা খুচরা বিক্রি করছি।

তিনি আরও বলেন, সোনালীর দাম ১৫ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে। বর্তমানে ৩৫০ টাকা বিক্রি করা হচ্ছে। দেশি মুরগি তো পাওয়া যাচ্ছে না। পেলে ৭০০ টাকার উপরে বিক্রি করা হয়।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মুরগি ব্যবসায়ী রমজান আলী বলেন, মুরগির চাহিদা বেশি, তার তুলনায় সরবরাহ কম রয়েছে। তাই আজকে দাম একটু বেশি। মুরগির দাম প্রতিদিনই কমে বাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার বিয়ে-শাদি বেশি থাকে। অন্যান্য দিনের তুলনায় এ দিনগুলোতে দাম একটু বেশি থাকে।

মগবাজারের ডিম বিক্রেতা বজলুর রশিদ বলেন, আজকে ডিমের তিন রকম দাম রয়েছে। ব্রয়লার বড় সাইজের ডিম ১৬০ টাকা, ব্রাউন কালারের ডজন ১৫০ টাকা ও সাদা ১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

বড় মগবাজার বাজারের খুচরা বিক্রেতা বিদ্যুৎ জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে প্রতিদিন পেঁয়াজের দাম কেজিতে এক-দুই টাকা করে বাড়ছে।

খিলগাঁওয়ে বিক্রেতা সোলায়মান বলেন, ‘বাজারে ডিমের সরবরাহ আগের তুলনায় কম। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা দামে এর প্রভাব পড়েছে।’

রামপুরায় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, আগে ৫০০ থেকে এক হাজার টাকায় যে বাজার হতো, এখন এক হাজার ৫০০ টাকায়ও সেটা ঠিকমতো হয় না। প্রতিদিনই কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে, আমরা আসলে দিশেহারা।

মহাখালি বাজারে নাসরিন আক্তার বলেন, সবজি কিনতে এসে এখন হিসাব মিলাতে পারি না। কিছু না কিছু বাদ দিতে হয়। বাচ্চাদের জন্য ডিম কিনব; সেখানেও ছাড় নেই। ডজন ১৫০ টাকা ঠেকেছে। আয় একই আছে, কিন্তু খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে।

বাড্ডায় বাজার করতে আসা রাকিবুল ইসলাম বলেন, ‘একটা জিনিসের দাম কমলেও তিনটার দাম বাড়ে। এভাবেই চলছে। যে যেভাবে পারে সেভাবে ভোক্তার পকেট কাটে। বাজারে কোনো শৃঙ্খলা নেই। একই পণ্য এক দোকান থেকে আরেক দোকানে গেলে দাম পরিবর্তন হয়ে যায়। কোনো নজরদারি নেই।’

কারওয়ান বাজারে কথা হয় আরেক ক্রেতা আব্দুল জব্বারের সঙ্গে। তিনি বলেন, ‘গত কয়েক মাস থেকে মাংসের বাজারে অস্থিরতা চলছে। এখানে প্রশাসন ও সরকারি সংস্থাগুলোর কোনো নজরদারি নেই। এক-দেড় মাস আগেও ডিমের দাম ছিল প্রতি ডজন ১১০-১২০ টাকা, এখন ১৫০ টাকা। শাক, সবজি, মাছেও এমন অবস্থা। সাধারণ মানুষ কীভাবে বাঁচবে? এসব বলেও-বা কী হবে, এভাবেই চলবে।’

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

ফেনীতে বিএনপির জন্য অস্বস্তির বড় কারণ হয়ে উঠেছে যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা