বাণিজ্য
টিসিবির পণ্য বিক্রি শুরু

বাজার কারসাজি আর চলবে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে সোমবার (১১ মে) থেকে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ কার্যক্রমের উদ্বোধন করেন। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। আগামী ১০ দিন এ কার্যক্রম চলবে।

সিন্ডিকেট বা বাজার কারসাজি আর চলবে না, ট্রাক সেলের উদ্বোধনকালে এমন ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বাজারব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে কৌশলগত মজুত, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ ও টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। সোমবার টিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, টিসিবির একটি ট্রাক থেকে তিন ধরনের পণ্য কেনা যাবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হবে ৪৮০ টাকা। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে ৭০০ থেকে ৭২০ টাকা লাগে। অর্থাৎ সাশ্রয় হবে ২২০-২৪০ টাকা।

টিসিবি জানায়, সারা দেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি ট্রাকে, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাকে, অন্য ছয়টি বিভাগীয় শহর ও জেলায় ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। ট্রাক সেলের পাশাপাশি টিসিবির নিয়মিত স্মার্ট কার্ডধারী পরিবারের মধ্যেও পণ্য বিক্রি করা হবে। মে মাসে সারা দেশে প্রায় ৭২ লাখ ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যেই টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। বিশেষ উৎসব কেন্দ্র করে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, গত রমজানে প্রায় দুই কোটি ২৮ লাখ উপকারভোগীর কাছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে প্রায় দুই কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। একইভাবে গত বছরের ঈদুল আজহায় যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছিল, এবার তা বৃদ্ধি করে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ বেশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের যেকোনো বিশেষ পরিস্থিতি, উৎসব বা বাজারে অস্বাভাবিক চাপের সময় সরকার প্রয়োজন অনুযায়ী টিসিবির ট্রাক সেল কার্যক্রম চালু করবে। জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় প্রস্তুত। ট্রাক সেলের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগের তালিকায় অন্তর্ভুক্ত এক কোটি উপকারভোগীর মধ্যে প্রায় ৫৯ লাখের তথ্য প্রশ্নবিদ্ধ ছিল। যাচাই-বাছাইয়ের মাধ্যমে বর্তমানে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবার অন্তর্ভুক্ত করা হবে।

টিসিবির পরিবেশক নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির কার্যক্রম সম্পূর্ণ প্রশ্নহীন, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করা হচ্ছে।’

বাজারে কারসাজি প্রতিরোধে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচিত কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য রাষ্ট্রীয় কৌশলগত মজুত গড়ে তোলা হবে। পাশাপাশি আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থা এআইভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনা হবে, যাতে সরকার বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।নিত্যপণ্যের আমদানি মূলধননির্ভর হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু বড় ব্যবসায়ী এই খাতে সক্রিয় থাকেন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তবে সরকার এমন অংশীদারিভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে আরও বেশি উদ্যোক্তা এই খাতে অংশ নিতে পারবেন। লক্ষ্য হলো বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি করা।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এই সরকার জনমুখী বাজারব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধে গ...

শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথ হত্যায় গ্রেপ্তার ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

সহকারী প্রক্টর পদ ছাড়লেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যা...

সীমান্তে বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু অধিকারী

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ব...

তিন তারকা পেসার ছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

সবাই আওয়ামী লীগ করে, এখন কেউই করে না

ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথ...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা