| আইপিএল বনাম পিএসএল
🏏 কোয়েটা বিক্রির ভাবনা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বিক্রি করতে আগ্রহী মালিক নাদিম ওমর।
মূল সংকট টানা কয়েক বছর লোকসান ও সীমিত বাণিজ্যিক আয়।
আইপিএলের সঙ্গে ব্যবধান বাজার, স্পন্সর ও সম্প্রচার আয়ে অনেক এগিয়ে আইপিএল।
নকল জার্সির ধাক্কা অফিশিয়াল পণ্য বিক্রি থেকে কাঙ্ক্ষিত আয় পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।
ছোট বাজার, কম বিনিয়োগ পিএসএলে বড় করপোরেট বিনিয়োগ ও পৃষ্ঠপোষকের অভাব।
তবু সফল কোয়েটা ৪ বার ফাইনাল, ১ বার চ্যাম্পিয়ন হলেও আর্থিক সাফল্য অধরাই।
বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আর্থিক শক্তি, দর্শক আকর্ষণ এবং বাণিজ্যিক সাফল্যের বিচারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন এক অনন্য উচ্চতায়। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। দুই লিগের এই বিশাল পার্থক্য নিয়েই মুখ খুলেছেন পিএসএলের অন্যতম সফল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, আইপিএলের সঙ্গে প্রতিযোগিতা করা পিএসএলের পক্ষে প্রায় অসম্ভব।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নাদিম ওমর জানান, দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির মুখে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বিক্রি করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি। উপযুক্ত ক্রেতা এবং সন্তোষজনক প্রস্তাব পাওয়া গেলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন এই ব্যবসায়ী।
তার মতে, বর্তমানে পিএসএলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাণিজ্যিক সক্ষমতার সীমাবদ্ধতা। ২০২৫ সাল থেকে আইপিএল এবং পিএসএল প্রায় একই সময়ে আয়োজন হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বিশ্বমানের ক্রিকেটার, স্পন্সরশিপ এবং দর্শক আগ্রহের বড় অংশ আইপিএলের দিকে ঝুঁকে থাকায় পিএসএলের জন্য বাজার তৈরি করা কঠিন হয়ে পড়েছে।
নাদিমের ভাষ্য, ভারতের বিশাল অর্থনীতি ও করপোরেট বাজারের সঙ্গে পাকিস্তানের বাজারের তুলনা করা যায় না। আইপিএল যেভাবে বড় বড় প্রতিষ্ঠান ও বৈশ্বিক ব্র্যান্ডের বিনিয়োগ আকর্ষণ করে, পিএসএলের ক্ষেত্রে সেই সুযোগ অনেক সীমিত। ফলে আয় বাড়ানোর পথও সংকুচিত হয়ে যায়।

২০১৯ সালে পিএসএলে চ্যাম্পিয়ন হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ছবি: পিসিবি
আইপিএলের রাজস্ব কাঠামোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং অফিসিয়াল পণ্য বিক্রির মাধ্যমে বিপুল অর্থ আয় করে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু পিএসএলে এসব খাত থেকে প্রত্যাশিত অর্থ আসে না। বিশেষ করে অফিসিয়াল জার্সি এবং মার্চেন্ডাইজ বিক্রির ক্ষেত্রে নকল পণ্যের দৌরাত্ম্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তার দাবি, ফ্র্যাঞ্চাইজিগুলো যখন নির্দিষ্ট দামে অফিসিয়াল জার্সি বাজারে আনে, তখন অল্পমূল্যের নকল পণ্য বাজার ছেয়ে ফেলে। এতে আসল পণ্যের বিক্রি কমে যায় এবং আয়ের একটি বড় সম্ভাবনাময় খাত কার্যত অকার্যকর হয়ে পড়ে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পথচলার মূল্যায়ন করতে গিয়ে নাদিম ওমর আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, দলটিকে ঘিরে তার যে স্বপ্ন ছিল, তার সব বাস্তবায়ন সম্ভব হয়নি। দীর্ঘ সাত বছর ধরে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। যদিও মাঠের লড়াইয়ে দলটি খারাপ করেনি।
পিএসএলের শুরুতে যুক্ত হওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স চারবার ফাইনাল খেলেছে এবং একবার শিরোপাও জিতেছে। তবে মাঠের সাফল্য আর্থিক সাফল্যে রূপ নেয়নি। ফলে ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে মালিকপক্ষকে।
২০১৬ সালে পিএসএলের যাত্রা শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন নাদিম ওমর। সে সময় তার লক্ষ্য ছিল শুধু ব্যবসা নয়, বরং পাকিস্তানের ক্রিকেটের বিকাশেও অবদান রাখা। বিশেষ করে বেলুচিস্তানের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি এবং কোয়েটা শহরে আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজনের উদ্যোগ ছিল তার পরিকল্পনার অংশ। কিন্তু নানা সীমাবদ্ধতায় সেই স্বপ্ন পূর্ণতা পায়নি।
তবে সব হতাশার মধ্যেও পিএসএলকে একেবারে খাটো করে দেখছেন না তিনি। নাদিমের বিশ্বাস, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে পিএসএল এখনও অন্যতম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। কিন্তু বাস্তবতা হলো, আইপিএলের সঙ্গে আর্থিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সেই বাস্তবতাই এখন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিককে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে।
সান নিউজ / রাজীব