আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সাল থেকে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে নানা দায়িত্বে যুক্ত থাকলেও, এবারই প্রথম দলটির প্রধান কোচের গুরুদায়িত্ব পেলেন তিনি। এর আগে তিনি দলটির মেন্টর বা পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করেছেন।
দিল্লির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে গাঙ্গুলি জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজিটি তার কাছে অত্যন্ত বিশেষ। দলের খেলোয়াড়, মালিকপক্ষ ও ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ প্রতিভাদের নিয়ে একটি আক্রমণাত্মক ও শক্তিশালী দল গড়ে তোলাই প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলির প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আইপিএলের আদি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস এখনো পর্যন্ত কোনো শিরোপার স্বাদ পায়নি। ২০২০ সালে রানার্সআপ হওয়া ছাড়া ২০২১ সালের পর থেকে দলটি আর প্লে-অফেই উঠতে পারেনি। সর্বশেষ মৌসুমেও তারা পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে দিল্লিকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দেওয়াই এখন মহারাজ খ্যাত এই মহারথীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সান নিউজ / রাজীব