কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। অনুমোদিত সংখ্যার বাইরে গুদাম ব্যবহার এবং সেখানে শুল্কমুক্ত পণ্য মজুত রাখার অভিযোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে অভিযান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টস বন্ডের ওয়্যারহাউস ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুতর অসংগতি পাওয়া গেছে। নথিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদাম ছিল দুটি। তবে অভিযানে গিয়ে আরও দুটি গুদামের সন্ধান পান কর্মকর্তারা। পরে শুল্কমুক্ত পণ্য সরিয়ে ফেলা বা খোলাবাজারে বিক্রির সম্ভাবনা এবং তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়।
টস বন্ড বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত মদ খোলাবাজারে বিক্রির অভিযোগ অনুসন্ধান করছে এনবিআর।
এদিকে নুর ইসলাম ও তার পরিবারের বিদেশি আর্থিক কর্মকাণ্ড নিয়েও তথ্য সংগ্রহ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিট। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, কানাডায় নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের নাগরিকত্ব এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানার তথ্য পাওয়া গেছে, যা বাংলাদেশের কর নথিতে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তাদের ১৬৩টি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আসার তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে কর্মকর্তারা বলছেন, গুদামে অভিযানের বিষয়টি সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। তাদের ভাষ্য, নুর ইসলামের ব্যবসা ও করসংক্রান্ত বিষয়ে বিভিন্ন সংস্থা আগেই অনুসন্ধান শুরু করেছিল। যদিও ২৬ সেপ্টেম্বর দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পে হামলার পর সালমান মুক্তাদিরের দেওয়া বক্তব্যের পর পরিবারের বিষয়ে নজরদারি ও অনুসন্ধানের কার্যক্রম আরও সক্রিয় হয়।
ওই হামলার ঘটনায় জমি দখল ও পূর্বশত্রুতার অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার সালমান মুক্তাদিরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর পরদিনই তার শ্বশুরের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চারটি ওয়্যারহাউস সিলগালা করা হলো।
সান নিউজ/রাজীব