সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া হলো বাংলাদেশের। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের এক ভুলের মাশুল গুনে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। খেলার একেবারে অন্তিমলগ্নে গোল হজম করায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন মিডফিল্ডার হামজা চৌধুরীসহ পুরো দল।
ম্যাচ শেষ হওয়ার পর জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বুকভাঙ্গা হতাশা লুকাননি হামজা। এই পরাজয় কেবল খেলোয়াড়দের জন্যই নয়, বরং গোটা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি।
তবে পরাজয়ের জন্য দলের কোনো একক খেলোয়াড়কে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ এই তারকা ফুটবলার।
তার মতে, মাঠে পুরো দল মিলে একসঙ্গে খেলেছে, তাই হার-জিতের দায় সবার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও খুব বেশি সুবিধা করতে পারেনি; তবুও ওই একটিমাত্র সুযোগ কাজে লাগিয়েই জয় ছিনিয়ে নেয় পাকিস্তানিরা।
ম্যাচের শেষ মুহূর্তে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি বড় ভুলে নিশ্চিত পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। এর জেরে গ্যালারি থেকে দর্শকদের ক্ষোভ ও দুয়োধ্বনির মুখে পড়তে হয় এই তরুণ গোলরক্ষককে।
এদিকে, এই ব্যর্থতার পেছনে অতিরিক্ত মানসিক চাপকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। ঘরের মাঠে বিপুল দর্শকের সামনে খেলার বাড়তি প্রত্যাশা এবং ম্যাচের গুরুত্ব ফুটবলারদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছিল বলে মনে করেন তিনি।
কোচের ভাষ্যমতে, ম্যাচের শুরু থেকেই দল নিজেদের ছন্দে খেলতে ব্যর্থ হয় এবং একের পর এক ভুল করতে থাকে। একটি ভুল শুধরে সতর্ক হতে গিয়ে খেলোয়াড়রা আরও বেশি ভুল করে বসেন, যা শেষ পর্যন্ত দলের পরাজয় ডেকে আনে।
সান নিউজ / রাজীব