ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে ঢাকার সামরিক বিমান পাঠানোর যে খবর গণমাধ্যমে ঘুরছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক বিষয়টি তুললে মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি কোনো জবাব দেননি। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, প্রত্যর্পণ আর কনস্যুলার বৈঠক স্থগিত হওয়া নিয়ে একের পর এক প্রশ্নের মুখে প্রায় একই কথা বারবার বলেছেন তিনি।
ওই সাংবাদিক জানতে চান, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে ভারত চায় বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে নিক। একই সঙ্গে তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এবং ২০২৪ সালের দমনপীড়নের ঘটনায় তার নতুন করে বিচার হবে। এ নিয়ে ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ বা নিশ্চয়তার আদানপ্রদান হয়েছে কি না, সেটাই ছিল প্রশ্ন। জবাবে জয়সোয়াল বলেন, প্রশ্নকর্তা একাধিক সম্ভাব্য পরিস্থিতির কথা বলছেন, এ বিষয়ে তার কিছু বলার নেই।
ব্রিফিংয়ে হাসিনাকে ঘিরে আরও প্রশ্ন ওঠে। একজন জানতে চান, তার ফেরা স্থলবন্দর দিয়ে হবে, না আকাশপথে। অন্য প্রশ্নে জানতে চাওয়া হয়, ভারত সরকার এ নিয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে কি না, কিংবা জটিল এ পরিস্থিতি নিয়ে দিল্লি উদ্বিগ্ন কি না। এসব প্রশ্নেও মুখপাত্র কোনো উত্তর বা মন্তব্য দেননি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন হাসিনা। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এর মধ্যে হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠিও দিয়েছেন তিনি।
প্রত্যর্পণ প্রসঙ্গে জয়সোয়াল আগের অবস্থানই পুনরায় তুলে ধরেন। তার ভাষ্য, এটি একটি আইনি বিষয় এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এ নিয়ে সিদ্ধান্ত হবে।
বিবিসি বাংলার প্রতিবেদন ও ভারতের দুই শর্ত
বৃহস্পতিবার হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। সেখানে ইঙ্গিত দেওয়া হয়, দিল্লির সম্মতি ছাড়া এমন ঘোষণা তিনি দিতেন না। তবে এর সঙ্গে ভারতের দুটি শর্তের কথাও বলা হয়েছে।
প্রথম শর্ত হলো, হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক বিমানে চড়ে। তাই তাকে ফেরত নেওয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। সেই যাত্রা স্থলপথে হতে পারে, আবার আকাশপথেও হতে পারে। দ্বিতীয় শর্ত অনুযায়ী, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাইয়ের গণহত্যার বিচার নতুন করে শুরুর নিশ্চয়তা ঢাকাকে দিতে হবে।
ব্রিফিংয়ে এসব প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয়। এমনকি এ ধরনের উদ্যোগের খবর ভিত্তিহীন হলে সরকার তা অস্বীকার করবে কি না, সেটাও জানতে চাওয়া হয়। জবাবে মুখপাত্র বারবার বলেন, এ ব্যাপারে মন্তব্য করার মতো কিছু নেই।
১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের কনস্যুলার সংলাপ হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে। কারণ জানতে চাইলে জয়সোয়াল বলেন, উভয় পক্ষের সুবিধাজনক তারিখেই বৈঠকটি হবে।
তিনি স্বীকার করেন, বৈঠক না হওয়ায় নানা ধরনের খবর তার নজরে এসেছে, ভারতের গণমাধ্যমেও এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তার ভাষ্য, ভারত বরাবরই ঢাকার সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় এবং সেই লক্ষ্যে পদক্ষেপও নিয়েছে। কাঠামোগত ব্যবস্থার আওতায় দুই দেশের বৈঠকও হয়েছে, যেখানে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয় আলোচনায় এসেছে।
একই প্রসঙ্গে তিনি আরও জানান, সংশোধিত ভ্রমণ নথি ব্যবস্থাপনা নিয়েও দুই দেশের কনস্যুলেট পারস্পরিক সম্মতিতে ঠিক করা দিনে আলোচনায় বসবে। বিদ্যমান কাঠামোয় সব দ্বিপক্ষীয় ইস্যুতে ঢাকার সঙ্গে কথা বলতে ভারত প্রস্তুত, কারিগরি পর্যায়ের আলোচনাতেও আপত্তি নেই। মোদ্দা কথা, দুই দেশের জন্য সুবিধাজনক সময়েই কনস্যুলার আলোচনা হবে বলে জানান তিনি।
সান নিউজ / রাজীব