ছবি: সংগৃহীত
সারাদেশ

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

কামরুল সিকদার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জীবন। নিজেরাই নানা শারীরিক জটিলতায় আক্রান্ত, চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপনেও রয়েছে সীমাবদ্ধতা। এর মধ্যেও মানসিক অসুস্থতায় ভোগা সন্তানকে সুস্থ করে তোলার স্বপ্ন ছাড়েননি তাঁরা। দীর্ঘদিনের চিকিৎসা ও পরিচর্যায় নিঃশেষ হয়েছে পরিবারের সঞ্চয়, বিক্রি করতে হয়েছে সহায়-সম্বল। এখন নিজেদের ওষুধ কেনার সামর্থ্যটুকুও নেই। এমন পরিস্থিতিতে ছেলের চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখ ও মেহেরা বেগম। তাদের তিন সন্তানের মধ্যে সবার বড় জাফর শেখ। একসময় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। আর দশজন তরুণের মতো তারও ছিল স্বাভাবিক জীবন গড়ার আকাঙ্ক্ষা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় মানসিক অসুস্থতার উপসর্গ। ধীরে ধীরে বদলে যেতে থাকে তার আচরণ।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অসুস্থতার শুরুর দিকে মাঝেমধ্যে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়তেন জাফর। রাগের বশে বাড়ির আসবাব ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। কখনো আশপাশে থাকা জিনিস হাতে তুলে অন্যদের আঘাত করার চেষ্টাও করতেন। সময়ের সঙ্গে তার এই সমস্যাগুলো পরিবারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এরপর থেকেই ছেলের চিকিৎসা ও দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা-মা।



স্থানীয়দের পরামর্শে ছেলেকে পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারীর ছত্রকান্দায় বিয়ে দেন বাবা সিদ্দিক শেখ। তাদের ধারণা ছিল, সংসারী হলে হয়তো সুস্থ হয়ে উঠবেন জাফর। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। বিয়ের পর তার আচরণগত সমস্যা আরও বাড়তে থাকে। স্ত্রীকে মারধর করতেন প্রায়ই। কবিরাজি, ঝাড়ফুঁকসহ নানা চেষ্টা করেও কোনো সুফল মেলেনি। পরে ফরিদপুর, ঢাকা, মাগুরা ও যশোরের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা।

এরপর থেকেই শুরু হয় জাফরের বন্দিজীবন। টানা ১১ বছর ধরে ছোট্ট একটা ঘরে কখনও শিকলে বাঁধা আবার কখনও উন্মুক্ত অবস্থায় কাটছে তার দিন-রাত। প্রথমে বাড়ির একটি ঘরে আটকে রাখা হতো তাকে। কিন্তু ঘর ভাঙচুর ও মেঝের মাটি খুঁড়ে গর্ত তৈরি করায় পরে বাড়ির পাশে আলাদা একটি ছোট আধাপাকা চারচালা ঘর নির্মাণ করে সেখানে রাখা হয় তাকে। ঘরটিতে একটি চৌকি, জানালার পাশে ছোট একটি টেবিল।

প্রতিদিন তার ঘর পরিষ্কার করেন মা মেহেরা বেগম। শেকল খোলা অবস্থায় জানালা দিয়েই দেওয়া হয় খাবার। কোনো দিন শান্ত থাকেন জাফর, আবার কোনো দিন মায়ের ওপরও আক্রমণ করেন। কয়েকবার তার মাথা ফাটিয়ে

দিয়েছেন ছেলে। তবু সন্তানের প্রতি মায়ের মমতা কমেনি। নিজের শরীরের অসুস্থতা আর বয়সের ভার উপেক্ষা করেই ছেলের দেখাশোনা করে যাচ্ছেন তিনি।

জাফরের স্ত্রীকে নিয়েও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দুই পরিবারকে। তার ভবিষ্যতের কথা বিবেচনা করে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটানো হয়। এভাবেই চিকিৎসাহীন অসুস্থতার সঙ্গে সঙ্গে ভেঙে যায় জাফরের সংসারও।


ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিজেদের শেষ সম্বলটুকুও হারিয়েছেন বাবা সিদ্দিক শেখ। সামান্য জমিজমা বিক্রি করে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন।

জাফরের মা মেহেরা বেগম বলেন, সবাই ফেলে দিলেও আমি তো আমার ছেলেকে ফেলে দিতে পারি না। চিকিৎসকেরা বলেছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসা করালে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু এখন আমাদের আর সামর্থ্য নেই। আমরা দুজন যত দিন বেঁচে আছি, তত দিন ছেলেকে দেখাশোনা করছি। আমাদের মৃত্যুর পর ওর কী হবে—এই চিন্তায় রাতে ঘুম আসে না।

জাফরের ছোট ভাই সুজন শেখের স্ত্রী বলেন, আমি বিয়ের পর থেকেই তাকে এ অবস্থায় দেখে আসছি। আগে আমাদের ওপরও আক্রমণ করতেন। এখন ভয়ে তার কাছে যাই না।

পক্ষাঘাতে আক্রান্ত বাবা সিদ্দিক শেখ বলেন, ছেলেকে সবরকম চিকিৎসা করিয়েছি। জমিজমা বিক্রি করে সব শেষ করেছি। এখন নিজের ওষুধই কিনতে পারি না। ছেলের চিকিৎসা করাব কীভাবে? সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে আমার আবেদন, কেউ যদি ছেলেটার চিকিৎসার দায়িত্ব নিতেন, তাহলে আমার ছেলেটা সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে পারত।

তিনি জানান, কয়েক মাস আগে জাফরের নামে একটি ভাতা কার্ড হয়েছে। এ পর্যন্ত তিনবার ভাতার টাকা পেয়েছেন। তবে সেই অর্থ দিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব নয়। বোয়ালমারীর মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত সুমন রাফি মাঝেমধ্যে তাদের বাড়িতে এসে খাবার ও চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেন। তার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিদ্দিক শেখ। তবে প্রয়োজনের তুলনায় সেই সহায়তাও অপ্রতুল।


এ বিষয়ে সুমন রাফি বলেন, খবর পেয়ে আমি জাফর শেখের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। নিজের সামর্থ্য অনুযায়ী মাঝেমধ্যে সহযোগিতা করি। কিন্তু জাফরের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা বা ভাতা কার্ডের ব্যবস্থা করা যায় কি না, তা দেখব।

জয়দেবপুর বাজারের ওষুধ ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, জাফরের পরিবারের আর্থিক অবস্থা এখন ভালো নয়। তার দ্রুত চিকিৎসা প্রয়োজন।

একজন অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের জীবন কি চিকিৎসার অভাবে চার দেয়ালের মাঝে শিকলে বন্দি হয়ে থাকবে? বয়সের ভারে নুয়ে পড়া বাবা-মায়ের দুশ্চিন্তা এখন শুধু ছেলের চিকিৎসা নয়, তাদের অবর্তমানে জাফরের দেখভাল করবে কে— জাফরের দুশ্চিন্তায় তাদের ঘুম হয় না । সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি। সমাজকল্যাণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের সামর্থ্যবান মানুষের সম্মিলিত সহযোগিতায় জাফরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ পরিচর্যার ব্যবস্থা করা এখন সময়ের দাবি। বাবা-মায়ের একটাই আকুতি—মৃত্যুর আগে যেন ছেলেকে অন্তত চিকিৎসার সুযোগ দিতে পারেন, দেখতে পারেন একটু স্বাভাবিক জীবনে ফিরেছে সে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা